
তমলুক, ১৭ জুলাই (হি. স.):-পূর্ব মেদিনীপুরের তমলুকের ঐতিহ্যবাহী মহাপ্রভু মন্দিরকে ঘিরে নতুন সম্মান। শুক্রবার মন্দির প্রাঙ্গণে ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে মহাপ্রভু মন্দিরকে উৎসর্গ করে একটি স্পেশাল পোস্টাল কভার প্রকাশ করা হয়। এই বিশেষ ফিলাটেলিক কভারে মন্দিরের ছবি ও সংক্ষিপ্ত ইতিহাস স্থান পেয়েছে। ডাক বিভাগের আশা, এর মাধ্যমে তমলুকের ঐতিহ্য, আধ্যাত্মিক গুরুত্ব এবং সাংস্কৃতিক পরিচিতি দেশ-বিদেশে আরও ছড়িয়ে পড়বে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথ বেঙ্গলের পোস্টমাস্টার জেনারেল রিজু গাঙ্গুলি, তমলুক ডিভিশনের ডাক বিভাগের অধীক্ষক অসিত কুমার মহান্তি, মহাপ্রভু মন্দিরের কর্তৃপক্ষ এবং বহু ভক্ত।পোস্টমাস্টার জেনারেল রিজু গাঙ্গুলি বলেন, স্পেশাল পোস্টাল কভার একটি গুরুত্বপূর্ণ ফিলাটেলিক সংগ্রহ, যা শুধু দেশেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের সংগ্রাহকদের কাছেও পৌঁছে যায়। তাঁর মতে, এই উদ্যোগের ফলে যাঁরা তমলুকে আসতে পারেন না, তাঁরাও মহাপ্রভু মন্দিরের ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পাবেন।মহাপ্রভু মন্দিরের অন্যতম আচার্য প্রভুপাদ গৌর কিশোরানন্দ দেব গোস্বামী বলেন, প্রাচীন তাম্রলিপ্তের ঐতিহ্যের অন্যতম নিদর্শন এই মন্দির। ভারতীয় ডাক বিভাগের এই উদ্যোগ মন্দিরের ইতিহাস ও ধর্মীয় গুরুত্বকে আন্তর্জাতিক স্তরে পরিচিত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়