
কলকাতা, ১৭ জুলাই (হি. স.) : ‘‘কোয়েল-দোয়েল-পায়েল, কেউ কোনও বিষয় না। সংবাদমাধ্যমে এটা নিয়ে চর্চা চলছে, চলুক না।” শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইঙ্গিতপূর্ণ এই মন্তব্য করেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।
শমীকবাবুর জবাব, ‘‘দেখুন, এ বিষয়ে আমাদের নির্দিষ্ট সংসদীয় দল আছে। তারা এই সিদ্ধান্ত নেবে। তবে বিষয়টা হল বিজেপি, বিষয়টা হল নরেন্দ্র মোদী। সুখেন্দুশেখর রায়রা স্বেচ্ছায় দল ছেড়ে এসেছেন, তাঁরা বিজেপিতে যোগ দিতে নরেন্দ্র মোদীর সঙ্গে কাজ করতে আগ্রহী। তাই তাঁরা বিজেপির হয়ে রাজ্যসভায় গিয়েছেন। কিন্তু সামগ্রিকভাবে আমি দলের তরফে বলছি, বিজেপিতে তৃণমূলীকরণ হবে না। চর্চা যা চলছে, চলুক।”
ঘাসফুল শিবিরের ছত্রভঙ্গ দশা যেন আর কাটছে না! এখনও একের পর এক নেতা, জনপ্রতিনিধি দল ছাড়ছেন। যোগ দিচ্ছেন হয় বিজেপিতে, নয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে চলে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। বৃহস্পতিবার রাজ্যসভার সাংসদ পদ ছেড়েছেন টলিউড তারকা কোয়েল মল্লিক। ইস্তফাপত্র দিয়েই তিনি দেখা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের সঙ্গে।
তাতেই জল্পনা তুঙ্গে উঠেছে, এবার কি পদ্মশিবিরের হয়ে ফের রাজ্যসভায় যাবেন কোয়েল? সুখেন্দুশেখর রায়-সহ তিনজনের মতোই?
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত