
শিলিগুড়ি, ১৭ জুলাই (হি. স.): শিলিগুড়ি পুরনিগমের কমিশনার বীর বিক্রম রায় শুক্রবার শহরের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র বিধান মার্কেট পরিদর্শন করেন।
এদিন তিনি পুরনিগমের বিভিন্ন বিভাগের আধিকারিক, বিদ্যুৎ বিভাগের কর্মী এবং বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সঙ্গে নিয়ে গোটা বাজার এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে মাটির তলা দিয়ে কেবল লাইনের কাজের অগ্রগতি খতিয়ে দেখা হয়। এর পাশাপাশি মাছ বাজার, রাস্তাঘাট, নিকাশি নালা এবং আলোকসজ্জা ব্যবস্থারও পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করেন তিনি। কমিশনার সংশ্লিষ্ট বিভাগগুলিকে প্রয়োজনীয় মেরামত ও উন্নয়নের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন।
কমিশনার বীর বিক্রম রায় জানান, আন্ডার কেবলিংয়ের কাজ আংশিকভাবে সম্পন্ন হয়েছে, তাই এটি মাঝপথে বন্ধ করা সম্ভব নয়। তবে এই কাজ চলাকালীন সাধারণ মানুষের যাতে কোনওরকম অসুবিধা না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। আসন্ন উৎসবের মরসুমের কথা মাথায় রেখে দফায় দফায় এই কাজ করা হবে। যে সমস্ত জায়গায় কাজ করা হবে, সেগুলি যাতে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায়, তার নির্দেশ দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি