
চেন্নাই, ১৭ জুলাই (হি.স.): রোগী ও তাঁদের পরিজনের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগের জেরে চেন্নাইয়ের কিলপক সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত চার চিকিৎসা সহায়ককে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার হাসপাতাল পরিদর্শনে গিয়ে অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে মিলতেই এই কড়া পদক্ষেপের নির্দেশ দেন তামিলনাড়ুর স্বাস্থ্য ও জনকল্যাণমন্ত্রী অরুণরাজ।
সরকারি হাসপাতালের পরিষেবা, অব্যবস্থা এবং কর্মীদের আচরণ নিয়ে একাধিক অভিযোগ পাওয়ার পর কোনও পূর্বঘোষণা ছাড়াই হাসপাতালে পৌঁছন মন্ত্রী। তিনি পুরনো ও নতুন—দুই ভবনই ঘুরে দেখেন এবং বিভিন্ন ওয়ার্ড, চিকিৎসা বিভাগ ও পরিষেবার মান খতিয়ে দেখেন। পাশাপাশি ভর্তি রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলে সমস্যার কথা শোনেন।
পরিদর্শনের সময় একাধিক রোগীর পরিজন অভিযোগ করেন, প্রসূতি বিভাগে নবজাতকের জন্মের খবর জানানো, এমনকি শিশুকে দেখার সুযোগ করে দেওয়ার বিনিময়ে কিছু কর্মী টাকা দাবি করেন। দীর্ঘদিন ধরেই এমন বেআইনি অর্থ আদায়ের অভিযোগ চলছে বলেও দাবি করেন তাঁরা। এছাড়া হাসপাতালে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা না থাকায় রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের ভোগান্তির কথাও মন্ত্রীর সামনে তুলে ধরা হয়।
ঘুষের অভিযোগকে অত্যন্ত গুরুত্ব দিয়ে হাসপাতালের ডিন এবং রেসিডেন্ট মেডিক্যাল অফিসারের কাছে তাৎক্ষণিক ব্যাখ্যা তলব করেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগের দিনও একই ধরনের অভিযোগ পাওয়া গিয়েছিল। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলায় প্রসূতি বিভাগে কর্মরত চার চিকিৎসা সহায়ককে অবিলম্বে বরখাস্ত করা হয়েছে।
মন্ত্রী অরুণরাজ স্পষ্ট জানিয়েছেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে কোনও ধরনের ঘুষ বা অবৈধ অর্থ আদায় বরদাস্ত করা হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।
এর পাশাপাশি হাসপাতালের পানীয় জলের সমস্যা দ্রুত মেটানোর নির্দেশও দেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় উন্নয়নের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, রাজ্যের যে কোনও সরকারি হাসপাতালে যে কোনও সময় আকস্মিক পরিদর্শন চালানো হতে পারে। তাই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং প্রশাসনিক আধিকারিকদের স্বচ্ছতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। মন্ত্রীর আকস্মিক পরিদর্শন এবং চার কর্মীকে তাৎক্ষণিক বরখাস্তের ঘটনায় কিলপক সরকারি হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য