
হুগলি , ১৭ জুলাই (হি.স.): উত্তর পাড়া পুরসভায় প্রশাসনিক জট কাটার পর এবার ‘ডবল ইঞ্জিনের গতিতে’ উন্নয়নের কাজ শুরু হয়েছে বলে দাবি করলেন উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। শুক্রবার পুর এলাকার বিভিন্ন বেহাল রাস্তা ও নাগরিক পরিষেবার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট দপ্তরের ইঞ্জিনিয়ার এবং দলীয় কার্যকর্তারা একাধিক এলাকা পরিদর্শন করেন ।
বিধায়কের দাবি, দীর্ঘদিন ধরে পুর এলাকার একাধিক রাস্তার বেহাল দশা এবং নাগরিক পরিষেবার নানা সমস্যা সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। সেই সমস্ত সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
দীপাঞ্জন চক্রবর্তী জানান, আগামী দিনে উত্তরপাড়ায় উন্নত ও আধুনিক পরিকাঠামো গড়ে তোলাই তাঁদের প্রধান লক্ষ্য। রাস্তা সংস্কার থেকে শুরু করে অন্যান্য নাগরিক পরিষেবার মানোন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হবে। উন্নয়নের কাজে কোনওরকম আপস করা হবে না বলেও তিনি আশ্বাস দেন।
তিনি আরও বলেন, উত্তরপাড়ার মানুষ যাতে উন্নত নাগরিক পরিষেবা পান, সেই লক্ষ্যে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে সমন্বয় রেখে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এলাকার সার্বিক উন্নয়নে একাধিক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি উত্তরপাড়া পুরসভাকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক নানা জটিলতার অবসানের পর উন্নয়নের কাজকে আরও গতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতেই এদিনের এই পরিদর্শনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA