
কলকাতা, ১৭ জুলাই (হি স): শুক্রবার থেকে ২৫ জুলাই পর্যন্ত বিধানসভা অধিবেশনে আপাতত ১৩টি দফতরের বাজেট নিয়ে আলোচনা হবে। এদিন শোকপ্রস্তাব ও রিপোর্ট পেশ করে প্রথম দিনের সভা শেষ হয়।
ক্ষমতায় এসেই রাজ্যের প্রথম বিজেপি সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত গত ২২ জুন আট মাসের জন্য বাজেট পেশ করেন। প্রথম পর্বের অধিবেশনে রাজ্যপালের ভাষণ ও বাজেট পাস হয়েছে। কর্মসমিতির বৈঠকে ঠিক হয়েছে, এরপর ২০ জুলাই স্বাস্থ্য, পঞ্চায়েত, পরিবহণ ও ২১ জুলাই উচ্চশিক্ষা ও বিদ্যালয় দফতরের পাশাপাশি শিল্প-বাণিজ্য দফতরের বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা হবে।
পরদিন ২২ জুলাই স্বরাষ্ট্র ও পার্বত্যর পাশাপাশি পৃথকভাবে বিদ্যুৎ দফতরের বাজেট নিয়ে আলোচনায় অংশ নেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী।
এরপর ২৩ জুলাই উত্তরবঙ্গ, পর্যটন, পুর ও নগরোন্নয়ন ও ২৪ জুলাই ক্রীড়া ও যুবকল্যাণ ছাড়াও জনস্বাস্থ্য দফতরের বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা হবে।
খাগড়াগড়, বগটুই, আর জি কর থেকে পঞ্চায়েত ভোটে একদিনে ১১ জন নিহত হলেও বিধানসভার অধিবেশনে আলোচনার পরিবর্তে নিয়ম করে প্রতি বছরই পুলিশ বাজেটকে গিলোটিনে পাঠানো হত।
ব্যতিক্রম ছিল ২০১১ সাল, সেবার ক্ষমতায় আসার পরই বামজমানার আইন শৃঙ্খলার নানা ‘খারাপ ঘটনা’ তুলে ধরতে স্বরাষ্ট্র দফতরের বাজেট নিয়ে জোর আলোচনা হয়েছিল।
কিন্তু এবার সরকার গঠনের পর প্রথম দিন থেকেই বিধানসভার ভিতর ও বাইরে, পুলিশের শুধু পাশে দাঁড়াননি, আগামী ২২ জুলাই, অধিবেশনে পুলিশ (স্বরাষ্ট্র) বাজেট নিয়ে টানা তিন ঘণ্টা আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত