
দক্ষিণ ২৪ পরগনা, ১৭ জুলাই (হি.স.): বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরেই গা ঢাকা দিয়েছিলেন গোসাবার তৃণমূল নেতা সুবিদ আলি ঢালি ওরফে ঝড়ো। শেষপর্যন্ত পুলিশের জালে গ্রেফতার হয় এই কুখ্যাত ‘ফেরারী’। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা এলাকার ত্রাস ছিল সে!
সন্দেশখালির ‘শাহজাহান’ নামেও ওই তৃণমূল নেতা এলাকায় পরিচিত ছিলেন! এলাকায় বিঘের পর বিঘে জমি লুট, কাটমানির টাকা তোলা-সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, জোর করে হিন্দু মহিলাদের বিয়ের অভিযোগ রয়েছে তৃণমূল নেতার বিরুদ্ধে।
জানা গিয়েছে, গোপন সূত্র মারফত খবর পেতেই শুরু হয় পুলিশি অভিযান। জীবনতলা থানার পুলিশ খাগড়া গ্রামে অভিযান চালায়। পলাতক সুবিদ আলি ঢালি ওরফে ঝড়োকে পাকড়াও করা হয়। তৃণমূল নেতার সহযোগী মনিরুল পৈলানকেও ধরা হয়। উদ্ধার করা হয় দুটি বেআইনি দেশি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা গুলি।
জীবনতলা থানায় ধৃতদের নিয়ে আসা হয়। শুক্রবারই তাঁদের আদালতে তোলা হয়। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত