
কলকাতা, ১৭ জুলাই (হি. স.) : শুক্রবার সকালে লাল কো-অর্ড সেট পরে দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছন বলিউড অভিনেত্রী কাজল। চোখে ছিল সানগ্লাস। তিনি গাড়ি থেকে নামতেই উপস্থিত অন্য দর্শনার্থীরা চমকে যান। প্রিয় তারকাকে কাছ থেকে দেখতে স্বাভাবিকভাবেই মন্দির চত্বরে ভিড় জমে যায়। আবেগে ভেসে অনেকেই তাঁর সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। পরিস্থিতি সামাল দিয়ে দেহরক্ষীরা অভিনেত্রীকে মন্দিরের ভিতরে নিয়ে যান। সেখানে ভক্তিভরে পুজো দিয়ে ফের গাড়িতে উঠে রওনা দেন তিনি।
বৃহস্পতিবার রথযাত্রার দিনেই কলকাতায় পা রেখেছেন তনুজাকন্যা কাজল। বিমানবন্দরে পা রাখতেই আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়ে তাঁর ছবি। তবে চোখে-মুখে কোনও বিরক্তির ছাপ ছিল না, বরং বেশ হাসিমুখেই বিমানবন্দর ছাড়েন তিনি। সেখান থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠে পড়েন অভিনেত্রী। কিন্তু হঠাৎ কী কারণে তাঁর এই কলকাতা সফর? বিমানবন্দরে বারবার এই প্রশ্নের সম্মুখীন হলেও কিছুই বলেননি অভিনেত্রী। আর তার পরদিনই দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়ায় স্বাভাবিকভাবেই অনুরাগীদের মনে কৌতূহল ও জল্পনা তৈরি হয়েছে। তবে কলকাতায় এসে দক্ষিণেশ্বরে পুজো দেওয়া কাজলের কাছে নতুন কিছু নয়। এর আগেও মা তনুজা ও ছেলে যুগকে সঙ্গে নিয়ে মা কালীর দর্শনে ছুটে গিয়েছিলেন এই বঙ্গতনয়া।
হিন্দুস্থান সমাচার / সোনালি