জনগণনায় সর্বাত্মক সহযোগিতার আহ্বান মুখ্যমন্ত্রী ডাঃ সাহার
আগরতলা, ১৭ জুলাই (হি.স.) : দেশের সার্বিক উন্নয়ন, অর্থনৈতিক বিকাশ এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে জনগণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই জাতীয় কর্মসূচিকে সফল করতে প্রত্যেকটি পরিবার ও নাগরিককে সক্রিয়ভাবে সহযোগিতা করার আহ্বান
মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা


আগরতলা, ১৭ জুলাই (হি.স.) : দেশের সার্বিক উন্নয়ন, অর্থনৈতিক বিকাশ এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে জনগণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই জাতীয় কর্মসূচিকে সফল করতে প্রত্যেকটি পরিবার ও নাগরিককে সক্রিয়ভাবে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

শুক্রবার এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, জনগণনার মাধ্যমে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করেই আগামী দিনের বিভিন্ন সরকারি পরিষেবা, উন্নয়নমূলক প্রকল্প, অবকাঠামো নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্য এবং বাজেট পরিকল্পনা নির্ধারিত হয়। ফলে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।

উল্লেখ্য, শুক্রবার থেকে সারা দেশের সঙ্গে রাজ্যেও শুরু হয়েছে দেশের ষোড়শ আদমশুমারি বা জনগণনার প্রথম পর্যায়ের কাজ। দীর্ঘ ১৫ বছর পর ফের শুরু হলো এই জনগণনা প্রক্রিয়া। এবার দুই পর্যায়ে সম্পন্ন হবে সমগ্র জনগণনার কাজ। প্রথম পর্যায়ের সূচনা হয়েছে শুক্রবার থেকে, যেখানে পরিবার ও গৃহ সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, জনগণনা শুধু একটি পরিসংখ্যানগত কার্যক্রম নয়, বরং দেশের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তৈরির অন্যতম ভিত্তি। তাই প্রত্যেক পরিবারকে নির্ধারিত ফর্ম যথাযথভাবে পূরণ করে এই কর্মসূচিকে সফল করে তুলতে হবে।

তিনি আরও বলেন, নাগরিকদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যাতে ফর্মে দেওয়া সমস্ত তথ্য সঠিক এবং নির্ভুল হয়। ভুল বা অসম্পূর্ণ তথ্য ভবিষ্যতে সরকারি পরিকল্পনা গ্রহণ এবং পরিষেবা বন্টনের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, এবারের জনগণনা প্রক্রিয়ায় প্রথমবারের মতো চালু করা হয়েছে ডিজিটাল স্ব-গণনা বা সেলফ এনুমারেশন ব্যবস্থা। এর মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই নির্দিষ্ট অনলাইন পোর্টালে প্রবেশ করে নিজেদের এবং পরিবারের সদস্যদের তথ্য নথিভুক্ত করতে পারবেন। সরকারের দাবি, এই পদ্ধতি জনগণনা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দ্রুত এবং প্রযুক্তিনির্ভর করে তুলবে।

রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী পুনরায় আবেদন জানিয়ে বলেন, জনগণনা একটি জাতীয় দায়িত্ব। দেশের সঠিক উন্নয়ন পরিকল্পনা ও সম্পদের যথাযথ বন্টনের স্বার্থে প্রত্যেক নাগরিকের উচিত এই কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা এবং প্রশাসনকে পূর্ণ সহযোগিতা করা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande