
আরামবাগ , ১৭ জুলাই (হি.স.): বিয়ে বাড়িতে যাওয়ার আনন্দ মুহূর্তেই বদলে গেল আতঙ্কে। বরযাত্রী বোঝাই একটি বাস থেকে আচমকাই বিকট শব্দ শোনা যায়। এরপর বাসের ইঞ্জিনের দিক থেকে বের হতে থাকে ঘন ধোঁয়া। আতঙ্কে বাসে থাকা সকল বরযাত্রী দ্রুত নেমে পড়েন। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তাঁরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার খানাকুলের ঘোলদিগোরুই এলাকা থেকে একটি বরযাত্রী বোঝাই বাস গোঘাটের আনুড় গ্রামে বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি গোঘাটের পচাখালি এলাকায় পৌঁছাতেই হঠাৎ একটি বিকট শব্দ হয়। মুহূর্তের মধ্যেই বাস থেকে ঘন ধোঁয়া বের হতে শুরু করে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত বাস থেকে নেমে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান গোঘাট থানার ওসি-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বাসটির মোবিল চেম্বার ফেটে যাওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে। তবে ঠিক কী কারণে ধোঁয়া বের হতে শুরু করে, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্বস্তির বিষয়, ঘটনায় বাসে থাকা কোনও যাত্রী আহত হননি বা কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। সময়মতো সকল যাত্রী বাস থেকে নেমে যাওয়ায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।
ঘটনার পর বাসে থাকা বরযাত্রীরা জানান, হঠাৎ বিকট শব্দ শুনে তাঁরা ভয় পেয়ে যান। এরপর বাস থেকে ধোঁয়া বের হতে দেখে দ্রুত নেমে পড়েন। তাঁদের দাবি, কয়েক মুহূর্তের দেরি হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং বাসটির যান্ত্রিক ত্রুটিই এই ঘটনার কারণ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA