
আগরতলা, ১৭ জুলাই (হি.স.) : শহরবাসীকে দীর্ঘদিনের জলবন্দি ও জলযন্ত্রণার হাত থেকে মুক্তি দিতে আগরতলা স্মার্ট সিটির বর্তমান কর্ণধারদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে প্রদেশ কংগ্রেস। পাশাপাশি, শহরের জলনিকাশি সমস্যার স্থায়ী সমাধানে নতুন মাস্টার প্ল্যান গ্রহণের দাবিও তুলেছে দলটি।
শুক্রবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে এই দাবি উত্থাপন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। এদিন তিনি হাওড়া নদীর নাব্যতা বৃদ্ধি এবং স্মার্ট সিটির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ নিয়ে একাধিক অভিযোগ তুলে রাজ্য সরকারের সমালোচনা করেন।
প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ, হাওড়া নদীর নাব্যতা বৃদ্ধির জন্য কংগ্রেস বহু আগেই রাজ্য সরকারকে গুরুত্ব দিয়ে উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছিল। কিন্তু প্রায় ২০০ কোটি টাকা ব্যয় করা হলেও নদীর প্রকৃত নাব্যতা বৃদ্ধি করা হয়নি। নদীতে পর্যাপ্ত জলাধার নির্মাণ, বাঁধের উচ্চতা বৃদ্ধি কিংবা জলধারণ ক্ষমতা বাড়ানোর মতো কার্যকর পদক্ষেপও গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
আশীষ কুমার সাহার দাবি, এর ফলেই বর্ষার সময় হাওড়া নদীর তীরবর্তী এবং নিচু এলাকায় বসবাসকারী মানুষকে প্রতিবছর জলাবদ্ধতার দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ছে এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
এদিন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার বিরুদ্ধে সরব হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, রাজ্য সরকার উন্নয়নের কথা বললেও শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিবহণ এবং যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি নেই। শহরের বিভিন্ন এলাকায় প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হচ্ছে এবং এতে সাধারণ মানুষের দুর্ভোগ ক্রমশ বাড়ছে।
জাতীয় সড়ক নির্মাণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, রাজ্যে আটটি জাতীয় সড়কের উন্নয়নের কথা প্রচার করা হলেও বাস্তবে কোনও সড়কই বর্তমানে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল এবং পরিবহণের জন্য পুরোপুরি উপযোগী নয়।
প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকেও নিশানা করেন আশীষ কুমার সাহা। তিনি বলেন, আগরতলা শহরকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সাত বছর অতিক্রান্ত হলেও শহরবাসী সেই প্রতিশ্রুতির সুফল পাননি। ফলে এই ব্যর্থতার সম্পূর্ণ দায়ভার রাজ্য সরকারকেই নিতে হবে বলে তিনি দাবি করেন।
আগরতলা পুর নিগম কর্তৃপক্ষের কাছে স্মার্ট সিটির বর্তমান নেতৃত্বকে অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, নতুন পরিকল্পনা এবং বাস্তবভিত্তিক মাস্টার প্ল্যান গ্রহণ করেই কেবল শহরবাসীকে জলযন্ত্রণা থেকে মুক্তি দেওয়া সম্ভব।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তিনি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করে বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকার দেশের সাধারণ মানুষের সরকার না হয়ে দেশের এক থেকে দুই শতাংশ ধনী ও প্রভাবশালী মানুষের স্বার্থ রক্ষাকারী সরকার হিসেবে পরিগণিত হয়েছে। একই সঙ্গে রাজ্য সরকারের কাজকর্মও একই ধাঁচে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ