
আগরতলা, ১৭ জুলাই (হি.স.) : দেশের পাশাপাশি ত্রিপুরাতেও শুরু হয়েছে জনগণনার প্রথম পর্যায়ের কাজ। এই পর্যায়ে অনলাইনের মাধ্যমে স্ব-গণনা বা সেলফ এনুমারেশন প্রক্রিয়ায় নিজের তথ্য নথিভুক্ত করে জনগণনা কার্যক্রমের সূচনা করলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। একই সঙ্গে তিনি রাজ্যের সাধারণ মানুষকেও প্রযুক্তির সহায়তায় অনলাইনে নিজেদের তথ্য নথিভুক্ত করার আহ্বান জানান।
শুক্রবার লোকভবনে আয়োজিত অনুষ্ঠানে জনগণনা কার্যক্রমের সঙ্গে যুক্ত আধিকারিকদের উপস্থিতিতে রাজ্যপাল কম্পিউটারের মাধ্যমে অনলাইন পোর্টালে নিজের ব্যক্তিগত তথ্য নথিভুক্ত করেন। এদিন জনগণনার কাজে নিয়োজিত আধিকারিকরা লোকভবনে গিয়ে রাজ্যপালকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা ও শুভেচ্ছা জানান।
এই উপলক্ষ্যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, ২০২৭ সালে সারা দেশে পূর্ণাঙ্গ জনগণনা অনুষ্ঠিত হবে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে সেই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করার লক্ষ্যেই এখন থেকে প্রস্তুতি পর্ব শুরু করা হয়েছে। তিনি জানান, এই প্রস্তুতি দুই ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে ১৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত চলবে সেলফ এনুমারেশন বা স্ব-গণনার প্রক্রিয়া, যেখানে দেশের নাগরিকরা বাড়িতে বসেই অনলাইন পোর্টালের মাধ্যমে নিজেদের এবং পরিবারের সদস্যদের তথ্য নথিভুক্ত করতে পারবেন।
রাজ্যপাল বলেন, প্রযুক্তির অগ্রগতির ফলে জনগণনার মতো বৃহৎ প্রশাসনিক কার্যক্রম এখন আরও সহজ, দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। অনলাইন ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের সময় ও শ্রম উভয়ই সাশ্রয় হবে এবং তথ্য সংগ্রহের প্রক্রিয়াও হবে আরও নির্ভুল ও কার্যকর।
তিনি রাজ্যের জনগণের প্রতি আবেদন জানিয়ে বলেন, জনগণনা দেশের পরিকল্পনা ও উন্নয়নের অন্যতম ভিত্তি। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, কর্মসংস্থানসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে জনগণনার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক নাগরিকের উচিত স্বতঃস্ফূর্তভাবে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করা এবং নির্ভুল তথ্য প্রদান করা।
প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, সেলফ এনুমারেশন পর্যায় শেষ হওয়ার পর পরবর্তী ধাপে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। জনগণনার সঠিক ও সফল বাস্তবায়নে রাজ্য প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ