
আগরতলা, ১৭ জুলাই (হি.স.) : রাজধানী আগরতলায় ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মাত্র চার ঘন্টার ব্যবধানে ফাঁকা বাড়িতে ঢুকে একাধিক ঘরের দরজা ভেঙে তছনছ করে দেয় চোরের দল। আলমারি ভেঙে নগদ ১০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে রাজধানী আগরতলায় হাইকোর্ট লেনের লিচুবাগানস্থিত সাহা পাড়া এলাকায়।
জানা গেছে, ওই এলাকার বাসিন্দা জীবন বণিক বৃহস্পতিবার বিকেল প্রায় চারটা নাগাদ পরিবারের সকল সদস্যকে নিয়ে শহরে রথযাত্রা দেখতে বের হন। বাড়িতে তখন কেউ ছিলেন না। সন্ধ্যা আটটা নাগাদ রথ দেখে বাড়ি ফেরার আগে জীবন বণিকের ছেলে বাইক নিয়ে বাড়িতে পৌঁছান। বাড়িতে ঢুকেই তিনি দেখতে পান একের পর এক ঘরের দরজা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ঘরের ভিতরের সমস্ত জিনিসপত্র এলোমেলো ও তছনছ করা হয়েছে।
ঘটনা দেখে তিনি সঙ্গে সঙ্গে তাঁর বাবা জীবন বণিককে খবর দেন। খবর পেয়ে দ্রুত বাড়িতে ছুটে আসেন জীবন বণিক ও পরিবারের অন্যান্য সদস্যরা। মাত্র চার ঘন্টার মধ্যে এই ধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় হতবাক হয়ে পড়েন পরিবারের সদস্যরা।
পরিবার সূত্রে জানা যায়, চোরের দল বাড়ির আলমারি ভেঙে নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়। এছাড়াও ঘরের বিভিন্ন সামগ্রী তছনছ করে ফেলে রাখা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এনসিসি থানার পুলিশ। পুলিশ বাড়ির বিভিন্ন অংশ পরিদর্শন করে ঘটনার তদন্ত শুরু করেছে।
বাড়ির মালিক জীবন বণিক জানান, “আলমারিতে ১০ হাজার টাকা রাখা ছিল। চোরেরা আলমারি ভেঙে সেই টাকা নিয়ে গেছে। এত অল্প সময়ের মধ্যে বাড়িতে এমন ঘটনা ঘটবে, তা ভাবতেই পারিনি।”
তিনি আরও জানান, এটি প্রথমবার নয়। প্রায় এক মাস আগে রাতের অন্ধকারে তাঁর বাড়ি থেকেই ১২ কেজি রড চুরি করে নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। সেই ঘটনারও কিনারা হয়নি বলে অভিযোগ তাঁর।
চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। জীবন বণিকের অভিযোগ, বাড়ির পাশের একটি স্কুলের পেছনে থাকা বড় বটগাছের নিচে প্রায়ই কিছু অপরিচিত যুবকের আড্ডা বসে। সেখানে নিয়মিত নেশাজাতীয় দ্রব্য সেবন করা হয় বলেও দাবি তাঁর। এই চুরির ঘটনার সঙ্গে ওই যুবকদের জড়িত থাকার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
এদিকে, এনসিসি থানার পুলিশ ঘটনাটিকে গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলছে পুলিশ।
রথযাত্রার উৎসবের আবহের মধ্যেই রাজধানীতে সংঘটিত এই দুঃসাহসিক চুরির ঘটনায় লিচুবাগানের সাহা পাড়া এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের দাবি তুলেছেন এলাকাবাসী।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ