
কলকাতা, ১৭ জুলাই (হি. স.) :
জাতীয় যোগাসন প্রতিযোগিতায় সাফল্যের পর এবার এশিয়া কাপের মঞ্চে ভারতের হয়ে খেলার স্বপ্নে বিভোর বীরভূমের একঝাঁক খুদে যোগী। শান্তিনিকেতন সংলগ্ন একটি প্রশিক্ষণকেন্দ্রে এখন চলছে সেই লক্ষ্যেই জোর প্রস্তুতি। পাঁচ বছরের দৃশান মাহাতো থেকে ১২ বছরের বিহান মুখোপাধ্যায়— সকলের চোখেই থাইল্যান্ডে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন। বিশেষ ভাবে সক্ষম দৃশান জাতীয় প্রতিযোগিতায় তৃতীয় হয়ে আত্মবিশ্বাসে ভরপুর। একই ভাবে সম্যক ঘোষও এশিয়া কাপের প্রস্তুতিতে ব্যস্ত। সাধারণ বিভাগে বিহান ইতিমধ্যেই থাইল্যান্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে।
শুধু খুদেরাই নয়, বয়স যে যোগাসনের পথে বাধা নয়, তা প্রমাণ করেছেন শান্তিনিকেতনের তিন গৃহবধূ। জাতীয় প্রতিযোগিতায় বিভিন্ন বয়সভিত্তিক বিভাগে পদক জিতে সবিতা মণ্ডল, মধুমিতা সরকার ও সুমিতা চট্টোপাধ্যায়ও এখন এশিয়া কাপের প্রস্তুতি নিচ্ছেন।
প্রশিক্ষক পারমিতা দত্তরায়ের কথায়, যোগ কেবল প্রতিযোগিতার বিষয় নয়, আত্মবিশ্বাস ও মানসিক-শারীরিক বিকাশের অন্যতম মাধ্যম। তাঁর দাবি, বিশেষ ভাবে সক্ষম শিশুদের ক্ষেত্রেও যোগাসন ইতিবাচক পরিবর্তন আনছে। ছোট থেকে প্রবীণ— সকলের এই সাফল্য এখন বিশ্বমঞ্চে ভারতীয় যোগের মর্যাদা আরও উঁচুতে তুলে ধরার স্বপ্ন দেখাচ্ছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত