
কলকাতা, ১৯ জুলাই (হি. স.) :
আন্তর্জাতিক দাবা দিবসকে সামনে রেখে একদিনের র্যাপিড দাবা প্রতিযোগিতার মঞ্চ থেকেই আসন্ন চেস অলিম্পিয়াডের প্রস্তুতির সূচনার কথা ঘোষণা করল বেঙ্গল চেস অ্যাসোসিয়েশন। সংস্থার সভাপতি তথা ফিডে প্রশিক্ষক অতনু লাহিড়ী জানান, আগামী নভেম্বরে প্রথমবার বাংলায় আয়োজন করা হতে চলেছে এই বিশেষ দাবা অলিম্পিয়াড। সমাজের পিছিয়ে পড়া অংশের প্রতিভাবান দাবাড়ুদের সুযোগ করে দিতে এই উদ্যোগ। প্রথম পর্যায়ে পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত রাজ্যগুলির প্রতিযোগীদের অগ্রাধিকার দেওয়া হবে।
রাজ্য বিজেপি স্পোর্টস সেল এবং বেঙ্গল চেস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আয়োজিত র্যাপিড দাবা প্রতিযোগিতায় রাজ্যের ১৫টি জেলা থেকে প্রায় ৪০০ দাবাড়ু অংশগ্রহণ করে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে এই রাজ্যের শ্রম দফতরের ভারপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, ২০১৮ এশিয়ান গেমসে ব্রিজে সোনাজয়ী প্রণব বর্ধন এবং বিজেপি স্পোর্টস সেলের প্রধান দীপঙ্কর মোদক প্রমুখ উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, অনূর্ধ্ব - ৭, ৯, ১১, ১৩ এবং ১৫ বছর বিভাগে ছেলে ও মেয়েদের মধ্যে সেরাদের হাতে ট্রফি ও আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতা বলেন, শিশুদের সর্বাঙ্গীণ বিকাশে সহায়ক খেলাধুলার পাশে বরাবরই রয়েছে তাঁদের সংস্থা। দাবার প্রসার এবং নতুন প্রজন্মের প্রতিভা তুলে আনতে এমনতর উদ্যোগ বলে আয়োজকদের তরফেও দাবি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত