ডিমা হাসাওয়ে দুর্ঘটনাগ্রস্ত ফরমালিনবাহী ট্যাংকার, মৃত এক, দুদিন জাটিঙ্গা নদীর জল ব্যবহার না করার নির্দেশ
হাফলং (অসম), ২ জুলাই (হি.স.) : ডিমা হাসাও জেলার অন্তর্গত হাফলং-শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কে ফরমালিনবাহী ট্যাংকার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চালকের। নিহত ট্যাংকার চালককে চিরাং জেলার ঢালিগাঁও থানাধীন বার্টলোয়ারের বাসিন্দা সাইফুল হক (৩৬) বলে শনাক্ত করা হয়েছে
জাটিঙ্গা সেতুর কাছে দুৰ্ঘটনাগ্ৰস্ত ফরমালিনবাহী ট্যাংকার


হাফলং (অসম), ২ জুলাই (হি.স.) : ডিমা হাসাও জেলার অন্তর্গত হাফলং-শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কে ফরমালিনবাহী ট্যাংকার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চালকের। নিহত ট্যাংকার চালককে চিরাং জেলার ঢালিগাঁও থানাধীন বার্টলোয়ারের বাসিন্দা সাইফুল হক (৩৬) বলে শনাক্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকাল প্রায় চারটা নাগাদ ২৭ নম্বর জাতীয় সড়কের জাটিঙ্গা সেতুর কাছে এনএল ০১ এই ৩৮৮৬ নম্বরের ফরমালিনবাহী ট্যাংকারটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার ফলে ট্যাংকারের দুটি চেম্বার থেকে ফরমালিন বেরিয়ে পাশের একটি জলাধারে মিশে যায়, যা পরে জাটিঙ্গা নদীতে প্রবাহিত হয়েছে। ফরমালিন মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় জাটিঙ্গা সেতু থেকে হারাংঙ্গাজাও পর্যন্ত জাটিঙ্গা নদীর তীরবর্তী সকল বাসিন্দাকে আগামী দুদিন নদীর জল পান, রান্না, গৃহস্থালির কাজ কিংবা গবাদিপশু ও অন্যান্য প্রাণীকে পান করানোর জন্য ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

জনসাধারণ, গবাদিপশু, জলজ প্রাণী এবং পরিবেশের নিরাপত্তার স্বার্থে এই সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে ডিমা হাসাও জেলা প্রশাসন। সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারী সকলের কাছে দ্রুত এই বার্তাটি পৌঁছে দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande