
পাথারকান্দি (অসম), ২ জুলাই (হি.স.) : রাজ্যের বন মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়ার কড়া নির্দেশে অবৈধ কাঠ ও সো-মিলের বিরুদ্ধে ব্যাপক অভিযানে নেমে পড়েছেন বিভাগীয় আধিকারিক ও কর্মীরা।
রাজ্যের অন্য প্রান্তের মতো আজ বৃহস্পতিবার শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকার রাধাপ্যারী গ্রাম পঞ্চায়েত (জিপি)-এর অধীন বৈঠাখালবস্তির এক দোকান থেকে প্রায় ৫০ সিএফটি সাদাপদ জাতীয় চেরাই কাঠ বাজেয়াপ্ত করেছেন দোহালিয়া বন দফতরের কর্মীরা।
আজ বিকালে রেঞ্জ ফরেস্ট অফিসার প্রদীপ বারৈ-এর নেতৃত্বে ফরেস্ট প্রটেকশন টিম এবং বাজারিছড়া থানার পুলিশ বাহিনী বৈঠাখালবস্তিতে হানা দিয়ে তালাবন্ধ একটি দোকান থেকে কাঠগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্তকৃত কাঠের বাজারমূল্য অনুমানিক ৫০ হাজার টাকা।
রেঞ্জ ফরেস্ট অফিসার জানান, অভিযানের সময় কাঠের মালিক পলাতক থাকায় তাকে পাওয়া যায়নি। কাঠগুলো খুচরো বিক্রয়ের জন্যল এখানে রাখা হয়েছিল। তবে দোকান মালিকের কাঠ বিক্রয় সংক্রান্ত লাইসোন্স আছে কিনা তা জানা যায়নি। তাই বিষয়টি খতিয়ে দেখে বন আইনের বলে ব্যবস্থা নেওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস