
কলকাতা, ২ জুলাই (হি. স.) : কলকাতার ঐতিহাসিক বড়বাজার এলাকার পোস্তা বাজারে বৃহস্পতিবার পোস্তা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বনাথ আগরওয়ালের ওপর ডিম ছুড়ে হামলা চালানোর ঘটনাকে কেন্দ্র করে সমগ্র ব্যবসায়ী মহলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনার একটি ভিডিও-ও সামনে এসেছে, যেখানে বিশ্বনাথ আগরওয়ালকে একটি চেয়ারে বসে থাকতে দেখা যাচ্ছে। ভিডিওটিতে এক মহিলাকে তাঁকে থাপ্পড় মারতেও দেখা যায় এবং তাঁর শরীর ও পোশাকে ভাঙা ডিমের অংশ লেগে থাকতে দেখা গেছে। তবে হিন্দুস্থান সমাচার এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।
এই অনভিপ্রেত ঘটনার প্রতিবাদে পোস্তা বাজারের ব্যবসায়ীরা ক্ষোভে ফেটে পড়েন এবং বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। পোস্তা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বনাথ আগরওয়ালের আহ্বানে সাড়া দিয়ে ব্যবসায়ীরা তাঁদের দোকানপাট সম্পূর্ণ বন্ধ করে দেন। এর ফলে গোটা পোস্তা বাজারের ব্যবসা-বাণিজ্য পুরোপুরি স্তব্ধ হয়ে পড়েছে।
সূত্র মারফত জানা গেছে, বিশ্বনাথ আগরওয়াল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যকালে তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। বলা হয়ে থাকে যে, তিনি একাধিক কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তৃণমূল কংগ্রেসের শীর্ষ সারির একাধিক নেতার সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সূত্রের আরও দাবি, তৎকালীন সময়ে কিছু মানুষের সঙ্গে হওয়া কথিত দুর্ব্যবহার এবং অত্যাচারের পুঞ্জীভূত ক্ষোভ ও অসন্তোষের জেরেই এদিন তাঁর ওপর এই ডিম-হামলা চালানো হয়েছে। যদিও এই দাবির কোনো সরকারি বা আধিকারিক নিশ্চয়তা মেলেনি এবং এই বিষয়ে পুলিশের তরফেও এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি।
আন্দোলনরত ব্যবসায়ীদের স্পষ্ট বক্তব্য, পোস্তা বাজার ততক্ষণ পর্যন্ত বন্ধ থাকবে, যতক্ষণ না বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে বাজারে এসে ব্যবসায়ীদের সঙ্গে দেখা করছেন। আপাতত সমগ্র এলাকায় পরিস্থিতি থমথমে থাকলেও তা প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। উল্লেখ্য, এই ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত পুলিশি অভিযোগ দায়ের করা হয়নি।
হিন্দুস্থান সমাচার / সোনালি