
ননে (মণিপুর), ২ জুলাই (হি.স.) : মণিপুরের পার্বত্য জেলাগুলিতে চলমান অশান্তির মধ্যে ননে জেলায় নতুন করে হিংসার ঘটনা সংঘটিত হয়েছে। কুকি ইনপি জিরিবাম, তামেংলং ও ননে (কেআই জেটিএন)-র অভিযোগ, আজ (বৃহস্পতিবার) ভোরে লেইকোট কুকি গ্রামে সশস্ত্র হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত কামজং জেলার ফাইমোল কুকি গ্রামে অগ্নিসংযোগ এবং তার জেরে গতকাল থানা তাংখুল গ্রামে পাল্টা হামলার একদিন পর। এর ফলে উখরুল, কামজং ও কাঙপোকপি থেকে শুরু হওয়া হিংসার ঘটনা ননে জেলায়ও ছড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে।
কুকি ইনপি জেটিএন-এর দাবি, আজ ভোর প্রায় পাঁচটা নাগাদ এনএসসিএন-আইএমের সন্দেহভাজন জঙ্গিরা লেইকোট কুকি গ্রামে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। সংগঠনের অভিযোগ, হামলার পর গ্রামটিতে আগুন ধরিয়ে দেওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটিকে বিনা প্ররোচনায় সংগঠিত আগ্রাসন বলে বর্ণনা করে সংগঠনটি বলেছে, লাইসেন্সপ্রাপ্ত একনলা আগ্নেয়াস্ত্র ও সীমিত সামর্থ্য নিয়ে গ্রামের স্বেচ্ছাসেবকেরা গ্রাম রক্ষার চেষ্টা করেছিলেন। কিন্তু হামলাকারীদের অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের সামনে তাঁরা টিকতে পারেননি।
সংগঠনের আরও অভিযোগ, হামলাকারীরা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও মর্টারের গোলা ব্যবহার করে আক্রমণ চালায়। ফলে স্থানীয় প্রতিরক্ষাকারীরা পিছু হটতে বাধ্য হন। তাঁরা পালিয়ে যাওয়ার পর গ্রামে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ঘটনার দ্রুত হস্তক্ষেপ দাবি করে কুকি ইনপি জেটিএন কেন্দ্রীয় সরকার, মণিপুর সরকার এবং নিরাপত্তা বাহিনীর কাছে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে। একইসঙ্গে দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের হিংসার পুনরাবৃত্তি না ঘটে।
সংগঠনটি সতর্ক করে বলেছে, ক্ষতিগ্রস্ত মানুষের উদ্বেগের যথাযথ সমাধান না হলে এবং দোষীদের বিচারের আওতায় না আনা হলে বর্তমান পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে, যা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস