দিল্লিতে মুখ্যমন্ত্রী-রিজিজু বৈঠক, অসমে বন্যাত্রাণ, পুনর্বাসন ইত্যাদি বিষয়ে আলোচনা
গুয়াহাটি, ২ জুলাই (হি.স.) : নয়াদিল্লিতে কেন্দ্রীয় সংসদীয় এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর সরকারি বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে অসমের বন্যা-পরবর্তী পুনর্বাসন, ত্রাণ, পুনরুদ্ধার ইত্যাদি বিষয়ে পর্যালোচনা বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী
দিল্লিতে মুখ্যমন্ত্রী এবং কিরেন রিজিজুর বৈঠক


মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শৰ্মাকে তাঁর বাসভবনে স্বাগত জানাচ্ছেন কেন্দ্ৰীয় মন্ত্ৰী কিরেন রিজিজু


গুয়াহাটি, ২ জুলাই (হি.স.) : নয়াদিল্লিতে কেন্দ্রীয় সংসদীয় এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর সরকারি বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে অসমের বন্যা-পরবর্তী পুনর্বাসন, ত্রাণ, পুনরুদ্ধার ইত্যাদি বিষয়ে পর্যালোচনা বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

আজ বৃহস্পতিবার নিজের অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে মুখ্যমন্ত্রী বৈঠকের বিষয়ে জানান, সম্প্রতি অসমের বন্যা পরিস্থিতি পর্যালোচনার জন্য রাজ্য সফর করায় তিনি কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেছেন বৈঠকটি ‘ফলপ্রসূ’ হয়েছে।

মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আজ দিল্লিতে মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী কিরেন রিজিজু জির সঙ্গে আমার একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। অসমে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি পর্যালোচনার জন্য তাঁর সফরের জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। বৈঠকে তিনি অত্যন্ত মূল্যবান কিছু পর্যবেক্ষণও আমাদের সঙ্গে ভাগ করেছেন।’

মুখ্যমন্ত্ৰী ড. শর্মা জানান, বৈঠকে মূলত সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘আমাদের ডাবল ইঞ্জিন সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক মানুষের জীবিকা পুনৰ্গঠনে সহায়তা করতে পুনর্বাসন কার্যক্রম আরও জোরদার করবে।’

অন্যদিকে, কিরেন রিজিজুও এক্স-এ একটি পৃথক পোস্টে জানান, তিনি নয়াদিল্লিতে তাঁর সরকারি বাসভবনে অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বর্ষাকালে বন্যা পরিস্থিতি মোকাবিলায় অসম সরকারের সক্রিয় পদক্ষেপের প্রশংসা করেছেন।

কেন্দ্ৰীয় মন্ত্ৰী কিরেন লিখেছেন, ‘মাননীয় অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা জির সঙ্গে আমার নয়াদিল্লির বাসভবনে বৈঠক হয়েছে। বর্ষাকালীন বন্যার সময় অসমের মানুষের সুরক্ষায় তাঁর সরকারের গৃহীত সক্রিয় পদক্ষেপের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছি।’

তিনি আরও লিখেছেন, ‘ড. হিমন্তবিশ্ব শর্মার গতিশীল নেতৃত্ব অসমকে উন্নয়নের এক অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যাচ্ছে।’

চলতি বছরের বন্যার পর ত্রাণ, পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদি পুনরুদ্ধার কার্যক্রম আরও দ্রুত এগিয়ে নিতে কেন্দ্র ও অসম সরকারের মধ্যে সমন্বয় অব্যাহত রাখার ওপর এই বৈঠকে গুরুত্ব আরোপ করা হয়।

বৈঠকে মুখ্যমন্ত্রীর অতিরিক্ত প্রধানসচিব কেকে দ্বিবেদী এবং অসম ভবনের আবাসিক কমিশনার কবিতা পদ্মনাভন উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande