
জীবনতলা, ২ জুলাই (হি. স.) : দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের জীবনতলা বাজার এলাকায় কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে এলাকায় ঘোরানো হল ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে। তবে তৃণমূল নেতা জাহাঙ্গীর খানকে যেভাবে কোমরে দড়ি বেঁধে এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল, সেই ধরনের কোনও ব্যবস্থা এদিন দেখা যায়নি।
কয়েকদিন আগে কলকাতার চিংড়িঘাটা এলাকা থেকে শওকত মোল্লাকে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ভাঙড়ে বোমা বিস্ফোরণ মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। পরে এনআইএ হেফাজত থেকে জীবনতলা থানার পুলিশ তাঁকে চার দিনের জন্য নিজেদের হেফাজতে নেয়। জীবনতলা থানায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
গত মঙ্গলবার রাতে শওকত মোল্লাকে জীবনতলা থানায় আনা হয়। বৃহস্পতিবার বিকেলে থানার পুলিশ তাঁকে নিয়ে বিভিন্ন এলাকায় যায়। পুলিশ সূত্রের দাবি, শওকত মোল্লাকে ঘিরে এলাকার মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে যে ভীতি ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল, তা দূর করার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হয়েছে।
শওকত মোল্লাকে দেখতে এদিন রাস্তার ধারে বহু মানুষ ভিড় জমান। পুলিশি নিরাপত্তার মধ্যেই গোটা প্রক্রিয়া সম্পন্ন হয়। অন্যদিকে, এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের তরফে শওকত মোল্লাকে কটাক্ষ করে গান বাজানো হয় বলেও অভিযোগ উঠেছে।
ঘটনাকে ঘিরে ক্যানিং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শওকত মোল্লাকে ঘিরে পুলিশের এই পদক্ষেপ নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর আলোচনা।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা