শুক্র থেকে রবি পর্যন্ত চিংড়িঘাটা ফ্লাইওভার বন্ধ রাখার ঘোষণা প্রত্যাহার পুলিশের
কলকাতা, ২ জুলাই (হি.স.): চিংড়িঘাটা ফ্লাইওভার বন্ধ নিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করল কলকাতা পুলিশ। আগে ঘোষণা করা হয়েছিল, মেট্রো প্রকল্পের কাজের জন্য ৩ জুলাই রাত থেকে ৬ জুলাই সকাল পর্যন্ত ফ্লাইওভারে যান চলাচল বন্ধ থাকবে। কিন্তু নতুন বিজ্ঞপ্তি জা
শুক্র থেকে রবি পর্যন্ত চিংড়িঘাটা ফ্লাইওভার বন্ধ রাখার ঘোষণা প্রত্যাহার পুলিশের


কলকাতা, ২ জুলাই (হি.স.): চিংড়িঘাটা ফ্লাইওভার বন্ধ নিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করল কলকাতা পুলিশ। আগে ঘোষণা করা হয়েছিল, মেট্রো প্রকল্পের কাজের জন্য ৩ জুলাই রাত থেকে ৬ জুলাই সকাল পর্যন্ত ফ্লাইওভারে যান চলাচল বন্ধ থাকবে।

কিন্তু নতুন বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, প্রশাসনিক কারণে ওই সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে। ফলে নির্ধারিত এই দিন ফ্লাইওভারে স্বাভাবিক ভাবেই চলবে যানবাহন।

মেট্রো সূত্রের খবর, চিংড়িঘাটা মোড়ের পূর্ব দিকে কয়েকটি পিলারের মাঝে কংক্রিটের ডেক বসানোর আগে বিকল্প রাস্তা তৈরির প্রস্তুতি চলছে। ইএম বাইপাস সংলগ্ন খালের পাশ দিয়ে প্রায় ৬০ মিটার দীর্ঘ একটি অস্থায়ী রাস্তা তৈরি করার পরিকল্পনা রয়েছে। সেই জায়গা ইতিমধ্যেই যৌথভাবে পরিদর্শন করেছে কলকাতা পুলিশ ও রেল বিকাশ নিগম লিমিটেড।

গার্ডার বসানোর কাজ শেষ হওয়ার পর লঞ্চার মেশিনকে ৩২৯ নম্বর পিলার পর্যন্ত নিয়ে যাওয়া হবে। সেখান থেকে গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনের সঙ্গে সংযোগের কাজ এগোবে। প্রকল্পের কাজ নির্ধারিত সময়েই এগোলে চলতি বছরের শেষের দিকেই চিংড়িঘাটা মেট্রো পরিষেবা চালুর আশা করছে কর্তৃপক্ষ।

চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজের জন্য ইতিমধ্যেই এক দফা ফ্লাইওভার বন্ধ রাখা হয়েছিল। ২৬ জুন রাত থেকে ২৯ জুন সকাল পর্যন্ত সেই সময়সীমায় মেট্রোর গার্ডার বসানোর গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়। দ্বিতীয় দফার কাজের জন্য ফের যান চলাচল বন্ধ রাখার পরিকল্পনা করা হয়েছিল। তবে আপাতত সেই কর্মসূচিতে পরিবর্তন এসেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande