
কলকাতা, ২ জুলাই (হি.স.) : নারী হেনস্তায় ‘জিরো টলারেন্স’ শুরু করল শুভেন্দু প্রশাসন। রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই এবার ‘রোমিও’দের জেলযাত্রা হবে। মহিলাদের রক্ষা করতে বৃহস্পতিবার থেকে পথচলা শুরু হয়েছে দুর্গাসুরক্ষা স্কোয়াডের। এছাড়া প্রতিটি থানায় সাইবার হেল্প ডেস্কও চালু করা হয়েছে।
বুধবারই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, রাজ্যের প্রতিটি থানায় চালু হবে মহিলা হেল্প ডেস্ক। সেই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার পুলিশের এক অনুষ্ঠানে উপস্থিত থেকে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নবান্নের সভাঘরে এদিন পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজি-সহ উচ্চপদস্থ কিছু আধিকারিক ছিলেন। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, নারীসুরক্ষা ও কন্যাদের নিরাপত্তা প্রদান সরকারের কাছে অতি গুরুত্বপূর্ণ। নির্ভয়া থেকে অভয়া যে তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করেছি, তাই তাদের সুরক্ষা প্রদান করব এবং সুবিচার দেব।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত