
ব্যারাকপুর, ২ জুলাই (হি. স.):-উত্তর ২৪ পরগনার নৈহাটি বিধানসভা এলাকার জেটিয়ায় সজলধারা জলপ্রকল্পে আর্থিক অনিয়ম এবং সরকারি খাসজমি দখলের অভিযোগে ব্যারাকপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিলন ঘোষ, জেটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান কানু সরকার, সুমন্ত ঘোষ এবং তৃণমূল কর্মী সুমন আতর্থিকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩২৩, ৩৮৪, ৪২৭, ৪২০, ৪০৬, ৫০৬ এবং ৩৪ ধারায় মামলা রুজু হয়েছে। অভিযোগ, সজলধারা জলপ্রকল্পের অর্থ তছরুপের পাশাপাশি সরকারি খাসজমি দখলকে কেন্দ্র করেও তাঁদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এখনও জানা যায়নি।বৃহস্পতিবার ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর আদালতে তোলা হয়। আদালতে নিয়ে যাওয়ার সময় আদালত চত্বরে উপস্থিত একদল মানুষ ‘চোর, চোর’ স্লোগান দিতে থাকেন, যার জেরে কিছু সময়ের জন্য উত্তেজনার সৃষ্টি হয়। গোটা ঘটনায় পুলিশ কড়া নিরাপত্তার ব্যবস্থা করে। তদন্তকারীদের দাবি, পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য তথ্য ও সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখা হবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়