
কলকাতা, ২ জুলাই (হি. স.) : দেশজুড়ে ডাক বিভাগের সরকারি পরিচিতিকে আরও আকর্ষণীয় ও জনমুখী করে তুলতে এক বিশেষ উদ্যোগ নিল ভারতীয় ডাক বিভাগ। আগামী ১৫ জুলাই থেকে ১৫ আগস্ট, ২০২৬ পর্যন্ত ‘মাইগভ’ প্ল্যাটফর্মে আয়োজিত হতে চলেছে ‘ইন্ডিয়া পোস্ট মাসকট ডিজাইন কনটেস্ট’। এই প্রতিযোগিতার মাধ্যমে ডাক বিভাগের একটি সরকারি মাসকট এবং তার উপযুক্ত নাম নির্বাচন করা হবে।
জানা গেছে, নির্বাচিত এই মাসকটটি ভবিষ্যতে ভারতীয় ডাক বিভাগের প্রতীকী ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বিভিন্ন প্রচার, জনসংযোগ ও গণসচেতনতামূলক কর্মসূচিতে ব্যবহার করা হবে। মূলত সাধারণ মানুষের সৃজনশীল ভাবনাকে উৎসাহিত করতেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে বলে ডাক বিভাগের তরফে জানানো হয়েছে।
প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে মাইগভ প্ল্যাটফর্মে গিয়ে নিজেদের তৈরি করা নকশা ও প্রস্তাবিত নাম জমা দিতে পারবেন। মাসকটের সেরা নকশা এবং সেরা নামের জন্য নির্বাচিত বিজয়ীদের আকর্ষণীয় নগদ অর্থ পুরস্কার ও শংসাপত্র প্রদান করা হবে।
এই প্রতিযোগিতার বিস্তারিত নিয়মাবলি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলের সরকারি ওয়েবসাইটে পাওয়া যাবে। রাজ্যের বিভিন্ন প্রান্তের শিল্পী, শিক্ষার্থী, ডিজাইনার এবং সৃজনশীল মানুষকে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ডাক বিভাগের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত