
কলকাতা, ২ জুলাই (হি. স.) : ‘আসল তৃণমূল’ নিয়ে রাজনৈতিক বিতর্কের আবহে বিরোধীদের তীব্র কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর নেতৃত্বেই দল পরিচালিত হচ্ছে। তাই অন্য কারও ‘আসল তৃণমূল’ দাবি করার কোনও ভিত্তি নেই।মহুয়া মৈত্রের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর দল বা প্রতীক প্রমাণ করার প্রয়োজন নেই। বাংলার মানুষ জানেন, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা, বিকাশ এবং বর্তমান অবস্থানের পেছনে তাঁরই ভূমিকা রয়েছে। তিনি দাবি করেন, তৃণমূলের প্রতীক ও পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা সফল হবে না।এদিন তিনি দলত্যাগী সাংসদ ও বিধায়কদেরও কড়া ভাষায় আক্রমণ করেন। তাঁর অভিযোগ, যাঁরা তৃণমূলের প্রতীকে জিতে পরে অন্য দলে গিয়েছেন, তাঁদেরই জনগণের কাছে জবাবদিহি করা উচিত। পাশাপাশি তিনি অভিযোগ করেন, বিজেপির মদতে তৃণমূলের বিরুদ্ধে পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। তবে বাংলার মানুষ এসবের যথাযথ জবাব দেবেন বলেও তিনি দাবি করেন। তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের আস্থা নিয়েই আগামী দিনেও কাজ চালিয়ে যাবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়