
চণ্ডীগড়, ২ জুলাই (হি.স.) : বর্ষা শুরুর আগে পঞ্জাবের বন্যাপ্রবণ ও সংবেদনশীল জেলাগুলিতে প্রস্তুতির বাস্তব চিত্র খতিয়ে দেখতে মাঠে নামছে বিজেপি। প্রশাসনের প্রস্তুতি, ত্রাণ ব্যবস্থা এবং সম্ভাব্য বন্যা মোকাবিলার অবস্থা পর্যালোচনাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
পঞ্জাব বিজেপির সভাপতি কেবল সিং ঢিল্লোঁ গত বছর বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলি পরিদর্শনের জন্য দলের একাধিক প্রবীণ নেতাকে দায়িত্ব দিয়েছেন। সংশ্লিষ্ট জেলা সভাপতিরা তাঁদের সঙ্গে থেকে গতবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখাবেন।
গুরদাসপুরে অশ্বিনী শর্মা, অমৃতসরে ফতেহ জং বাজওয়া, পাঠানকোটে শ্বেত মালিক, ফিরোজপুরে সুরজিৎ জ্যাণী, ফাজিলকায় সুনীল জাখড়, আবোহরে সুশীল রিঙ্কু, জালন্ধরে অবিনাশ রাই খান্না, হোশিয়ারপুরে জঙ্গি লাল মহাজন, রূপনগরে বিজয় সামপলা এবং মোহালিতে ইকবাল সিং লালপুরাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
পরিদর্শনের সময় তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে বন্যা মোকাবিলা, ত্রাণ ও পুনর্বাসন সংক্রান্ত তথ্য সংগ্রহ করবেন। পাশাপাশি স্থানীয় স্তরে থাকা সমস্যা ও প্রস্তুতির ঘাটতি চিহ্নিত করে দলের নেতৃত্বের কাছে বিস্তারিত রিপোর্ট জমা দেবেন।
বৃহস্পতিবার পঞ্জাব বিজেপির দাবি, যে কোনও দুর্যোগের সময় তারা রাজ্যের মানুষের পাশে রয়েছে এবং জননিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা ও ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার বিষয়টি ভবিষ্যতেও জোরালোভাবে তুলে ধরবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য