
শ্ৰীভূমি (অসম), ২ জুলাই (হি.স.) : মিজোরামের কলাশিব জেলার অন্তর্গত ভেংলাই ইস্ট এবং দিয়াককাউন এলাকায় মিজোরাম-শিলচর (অসম) সড়কে আজ বৃহস্পতিবার ভোরে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় শ্রীভূমি জেলার তিন যুবকের মৃত্যু হয়েছে। নিহতদের দক্ষিণ করিমগঞ্জের হুগারগুল এলাকার বাসিন্দা জনৈক সুলেমান আলির ২৭ বছরের ছেলে সাদ্দাম হোসেন, গুলছড়া কাজিটিলার রিয়াজ উদ্দিনের ২৫ বছরের ছেলে মাশুক আহমেদ এবং মইজ উদ্দিনের ১৯ বছরের ছেলে খালেদ আহমদ বলে পরিচয় পাওয়া গেছে। একই দুর্ঘটনায় আরও দুজন গুরুতরভাবে আহত হয়েছেন।
জানা গেছে, একটি লরি তাঁদের ওয়াগনআর গাড়িকে জোরে ধাক্কা দিলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিন যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনার পর নিহতদের পরিবার ও আত্মীয়-স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। জানা গেছে, গতকাল বুধবার জীবিকার তাগিদে এই যুবকরা মিজোরামের উদ্দেশে যাত্রা করেছিলেন।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস