
পাথারকান্দি (অসম), ২ জুলাই (হি.স.) : শ্রীভূমি জেলা প্রশাসনের নির্দেশে পাথারকান্দি সমজেলার পুলিশ সুপার অনির্বাণ শর্মার নেতৃত্বে এবং স্থানীয় জিপিএফ সংস্থার সভাপতি বদরুল হকের সহযোগিতায় আজ বৃহস্পতিবার আসিমগঞ্জ এলাকার পৃথক পৃথক তিনটি স্কুলে সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছ।
এলাকার মদনী বাংলা অ্যাকাডেমি, স্পেকট্রাম সিনিয়র সেকেন্ডারি স্কুল এবং আছিমিয়া হায়ার সেকেন্ডারি স্কুলে পর্যায়ক্রমে অনুষ্ঠিত সভাগুলোতে সমজেলার পুলিশ সুপার সহ অন্যান্য বিশিষ্টজনেরা বক্তব্য পেশ করেছেন।
প্রতিটি সভায় এসপি অনির্বাণ শর্মা শিক্ষার্থী সহ অভিভাবকদের ট্রাফিক বিধি মেনে যানবাহন চালানোর আহ্বান জানান। তিনি প্রত্যেক বাইক চালকদের হেলমেট ব্যবহার সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখারও কথা বলেন। পাশাপাশি তিনি চাার চাকার গাড়ির ক্ষেত্রে চালক সহ যাত্রীদের সিটবেল্ট পরিধান ও সরকার নির্ধারিত গতির প্রতি খেয়াল রাখার আহ্বান জানান।
পুলিশ সুপার বলেন, ট্রাফিক বিধি মেনে যানবাহন পরিচালনা করলে বহুলাংশে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তিনি চালকদের নেশা করে গাড়ি না চালাতে অনুরোধ জানান। এসপি অনির্বাণ শর্মা বলেন, বেপরোয়া যানবাহন চালনার জন্যা সংঘটিত দুর্ঘটনা অনেকের জীবনে ও পরিবারের ওপর মারাত্মক প্রভাব ফেলে। তাই এ সব ব্যাপারে তিনি সকলকে আরও যত্নবান হওয়ার পরামর্শ দিয়েছেন।
এ ব্যাপারে বিভিন্ন শিক্ষানুষ্ঠানে আরও সচেতনামূলক অনুষ্ঠানের আয়োজন করলে শিক্ষার্থীরা ট্রাফিক বিধি সম্পর্কে আরও জানতে পারবে। এজন্য তিনি শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান।
এদিকে পাথারকান্দি পুলিশের এ ধরনের সচেতনতামূলক সভায় এলাকার জনগণ সহ শিক্ষার্থীরা কিছুটা হলেও উপকৃত হবেন বলে মত প্রকাশ করেন জিপিএফ-এর সভাপতি বদরুল হক।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস