
শিলিগুড়ি, ২ জুলাই (হি.স.): বৃহস্পতিবার সকাল থেকেই শিলিগুড়ির সেবক রোড এলাকায় বিভিন্ন দোকানের সামনে লাগানো অবৈধ হোর্ডিং ভাঙার কাজ শুরু করলেন পুরকর্মীরা। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এদিন সাতসকালে দোকান খোলার আগেই এই অভিযান শুরু হয়।
বৃহস্পতিবার পুরসভা সূত্রে জানা গেছে, এদিন সকাল থেকেই পুরসভার একটি বিশেষ দল সেবক রোড এলাকায় পৌঁছায়। হোর্ডিংগুলি এতটাই মজবুতভাবে আটকানো ছিল যে, সেগুলি সরাতে শেষ পর্যন্ত গ্যাস-কাটার ব্যবহার করতে হয়। গ্যাস-কাটার দিয়ে লোহার কাঠামো কেটে হোর্ডিংগুলি ভেঙে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, এর আগে যখন পুরসভার কর্মীরা এই অবৈধ হোর্ডিংগুলি খুলতে গিয়েছিলেন, তখন তাঁদের স্থানীয় ব্যবসায়ীদের একাংশের বাধার মুখে পড়তে হয়েছিল। সেসময় কাজ না করেই ফিরে যেতে হয়েছিল পুরকর্মীদের।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ