টানা বৃষ্টিতে ধস : আরও ১০ দিন বন্ধ থাকবে এনজেপি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবা
শিলিগুড়ি, ২ জুলাই (হি.স.): লাগাতার বৃষ্টিতে ধসের জেরে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংগামী হেরিটেজ টয় ট্রেন পরিষেবা আগামী আরও ১০ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেললাইনের মেরামত শেষ হলেও, ধসে ক্ষতিগ্রস্ত রাস্তার কাজ বাকি থাকার কারণেই সুরক্ষা
টানা বৃষ্টিতে ধস : আরও ১০ দিন বন্ধ থাকবে এনজেপি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবা


শিলিগুড়ি, ২ জুলাই (হি.স.): লাগাতার বৃষ্টিতে ধসের জেরে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংগামী হেরিটেজ টয় ট্রেন পরিষেবা আগামী আরও ১০ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেললাইনের মেরামত শেষ হলেও, ধসে ক্ষতিগ্রস্ত রাস্তার কাজ বাকি থাকার কারণেই সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)।

ডিএইচআর -এর ডিরেক্টর ঋষভ চৌধুরী জানিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড-এর পক্ষ থেকে রাস্তা মেরামতের কাজ এখনও শেষ করা সম্ভব হয়নি। সড়কপথ সম্পূর্ণ নিরাপদ হওয়ার পরই এই রুটে পুনরায় টয় ট্রেন চালানো হবে।

উল্লেখ্য, গত জুন মাসের তৃতীয় সপ্তাহে মহানদী এলাকায় এক ভয়াবহ ধস নামে। এর ফলে টয় ট্রেনের রেললাইন প্রায় পাঁচ ফুট বসে যায় এবং রেললাইনের পাশ্ববর্তী রাস্তাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরই তড়িঘড়ি এনজেপি-দার্জিলিং রুটে ট্রেন চলাচল স্থগিত করে দেওয়া হয়েছিল। বর্তমানে রেললাইন সংস্কারের কাজ সম্পন্ন হলেও, রাস্তার কাজ শেষ হতে আরও অন্তত ১০ দিন সময় লাগবে। সেই কাজ শেষ হলেই এই ঐতিহ্যবাহী রুটে আবার সাইরেন বাজিয়ে ছুটবে টয় ট্রেন।

এদিকে, দীর্ঘদিন পরিষেবা বন্ধ থাকায় পর্যটকদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। দূর-দূরান্ত থেকে বহু পর্যটক শিলিগুড়িতে এসেও শেষ মুহূর্তে টয় ট্রেনের সফর বাতিল করতে বাধ্য হচ্ছেন। পরিস্থিতি বিবেচনা করে ডিএইচআর-এর পক্ষ থেকে ইতিমধ্যেই অগ্রিম বুকিংয়ের টিকিটের টাকা ফেরত (রিফান্ড) দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

ডিএইচআর ইন্ডিয়া সাপোর্ট গ্রুপের সাধারণ সম্পাদক রাজ বসু এই বিষয়ে বলেন, ধসের কারণে ইতিমধ্যেই একটি লুপ বন্ধ হয়ে গেছে। ভবিষ্যতে এই ধরণের বিপর্যয় এড়াতে প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে রক্ষণাবেক্ষণের জন্য পরিষেবা বন্ধ রাখার পরিকল্পনা করা উচিত, যাতে পর্যটকদের এভাবে হয়রানির শিকার হতে না হয়।

এই অচলাবস্থার মাঝেই ডিএইচআর-এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে শিলিগুড়ি জংশন থেকে তিনধারিয়াগামী 'জঙ্গল সাফারি' টয় ট্রেনের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। নতুন সময় অনুযায়ী, এই ট্রেনটি দুপুর ১২টায় শিলিগুড়ি জংশন থেকে রওনা দেবে এবং তিনধরিয়া হয়ে সন্ধে ৫টা ৫৫ মিনিটে পুনরায় শিলিগুড়ি জংশনে ফিরে আসবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande