
দরং, (অসম), ২ জুলাই (হি.স.) : দরং জেলার অন্তর্গত মঙ্গলদৈ শহরে অবস্থিত জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ‘বিকশিত ভারত গ্রামীণ নিয়োগ নিশ্চয়তা ও জীবিকা অভিযান’ (ভিবি-জি রাম জি) প্রকল্পের শুভারম্ভ করেছেন অসমের পশুপালন ও পশুচিকিৎসা এবং মৎস্য দফতরের মন্ত্রী নীলিমা দেবী।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে মন্ত্রী নীলিমা দেবী বলেন, গ্রাম পঞ্চায়েত এলাকার উন্নয়নের উদ্দেশ্যে এমজিএনরেগা-র নাম বদল করে নতুন নামকরণ করা হয়েছে ‘বিকশিত ভারত-গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ’ সংক্ষেপে ‘ভিবি-জি রাম জি’। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকার জব কার্ডধারী প্রত্যেক ব্যক্তিকে বছরে ১৫০ দিনের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
‘বিকশিত ভারত গ্রামীণ নিয়োগ নিশ্চয়তা ও জীবিকা অভিযান’ প্রকল্প গ্রাম ও শহরের মধ্যে ব্যবধান কমিয়ে আনার এক সুদূরপ্রসারী উদ্যোগ। তিনি আরও বলেন, জনসাধারণের কল্যাণে কাজ করার জন্য জনপ্রতিনিধিদের সর্বদা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা উচিত। এ প্রসঙ্গে তিনি এক পৌরাণিক সাধুর বাণী টেনে জনপ্রতিনিধিদের মানুষের স্বার্থে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস