
আরামবাগ , ২ জুলাই (হি.স.) : দুদিনের টানা বৃষ্টি ও কচুরিপানার চাপে বৃহস্পতিবার খানাকুলে ভেঙে গেল হুগলি-মেদিনীপুর যোগাযোগের বাঁশের সেতু। এরফলে এদিন কয়েকঘণ্টার জন্য দুই পাড়ের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খানাকুলের জগৎপুর পঞ্চায়েতের গড়েরঘাট ও পশ্চিম মেদিনীপুরের জোৎকানুরামগড়ের মাঝে রূপনারায়ণ নদের উপর এই বাঁশের সেতু দিয়ে দুই পাড়ের বহু মানুষ যাতায়াত করেন। বিগত কয়েকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। এর জেরে নদীতে প্রচুর কচুরিপানা জড়ো হয়। জলের তোড় ও কচুরিপানার চাপে এদিন বেলার দিকে বাঁশের সেতুটি মাঝ বরাবর ভেঙে পড়ে। বর্ষার শুরুতেই এই সেতু ভেঙে যাওয়ায় সমস্যায় পড়েছেন এলাকার মানুষ। ঘটনার খবর পেয়ে এলাকায় যান খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। তিনি আপাতত নৌকায় পারাপারের ব্যবস্থার আশ্বাস দিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA