
কলকাতা, ২৩ জুলাই (হি. স.) : চৈতন্য বৈষ্ণব দর্শন, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে উচ্চশিক্ষা এবং গবেষণার ক্ষেত্রকে আরও প্রসারিত করতে বড় পদক্ষেপ নিল কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের উদ্যোগ এবং কলকাতার ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স ফর চৈতন্য বৈষ্ণব স্টাডিজ’ (বাইসিসিভিএস)। বৃহস্পতিবার মোতিলাল নেহরু রোডে অবস্থিত ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ইসকনের প্রতিষ্ঠাতা-আচার্য তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট প্রাক্তনী এ. সি. ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের স্মৃতির উদ্দেশে এই কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক (ড.) আশুতোষ ঘোষ, সংস্কৃত বিভাগের প্রধান অধ্যাপক (ড.) মৌ দাশগুপ্ত, কেন্দ্রের অধিকর্তা অধ্যাপক (ড.) কমল কিশোর মিশ্র এবং ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের ডিন ড. সুমন্ত রুদ্র। অনুষ্ঠানে উপাচার্য জানান, চৈতন্য বৈষ্ণব অধ্যয়নকে আন্তর্জাতিক স্তরে আরও সুসংহত করাই এই কেন্দ্রের প্রধান লক্ষ্য। অধ্যাপক কমল কিশোর মিশ্র জানান, গবেষণা, প্রাচীন পুঁথি ও নথি সংরক্ষণ, প্রকাশনা, আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা এবং প্রবাসী ভারতীয় সমাজে গৌড়ীয় বৈষ্ণব ভাবধারার প্রভাব নিয়ে বিস্তৃত গবেষণার সুযোগ তৈরি করবে এই কেন্দ্র। ড. সুমন্ত রুদ্র আশা প্রকাশ করেন, দেশ-বিদেশের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য এটি ভবিষ্যতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একাডেমিক মঞ্চ হয়ে উঠবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত