শিমুরালি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান, বুলডোজারে ভাঙা হল একাধিক দোকান ও স্টেশন সংলগ্ন পার্টি অফিস
শিমুরালি (নদিয়া), ২৩ জুলাই (হি. স.):-শিয়ালদা–কৃষ্ণনগর মেন লাইনের শিমুরালি রেল স্টেশনে বৃহস্পতিবার রেল কর্তৃপক্ষের উদ্যোগে ব্যাপক উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে বুলডোজার ব্যবহার করে স্টেশন চত্বরে গড়ে ওঠা একাধিক অবৈধ হকারের দোকান ভেঙে ফেলা হয়।
উচ্ছেদ রেলের


শিমুরালি (নদিয়া), ২৩ জুলাই (হি. স.):-শিয়ালদা–কৃষ্ণনগর মেন লাইনের শিমুরালি রেল স্টেশনে বৃহস্পতিবার রেল কর্তৃপক্ষের উদ্যোগে ব্যাপক উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে বুলডোজার ব্যবহার করে স্টেশন চত্বরে গড়ে ওঠা একাধিক অবৈধ হকারের দোকান ভেঙে ফেলা হয়। পাশাপাশি স্টেশন সংলগ্ন একটি পার্টি অফিসও গুঁড়িয়ে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।রেল সূত্রে জানা গিয়েছে, স্টেশন এলাকা দখলমুক্ত করা, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ নির্মাণ সরিয়ে দিতেই এই অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিপুল সংখ্যক রেল পুলিশ, আরপিএফ এবং প্রশাসনের আধিকারিকরা মোতায়েন ছিলেন। তাঁদের উপস্থিতিতে পুরো অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।তবে আকস্মিক এই উচ্ছেদ অভিযানে বিপাকে পড়েছেন বহু হকার। দীর্ঘদিন ধরে স্টেশন চত্বরে ব্যবসা করে জীবিকা নির্বাহ করা ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকেই তাঁদের দোকান হারিয়েছেন। ফলে তাঁদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অভিযানের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে বহু মানুষ ভিড় জমান এবং ভাঙার কাজ প্রত্যক্ষ করেন।রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও রেলের জমি দখলমুক্ত রাখতে এবং স্টেশন এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande