তপশিলি জাতি-উপজাতিদের শংসাপত্র পুনঃযাচাই নিয়ে ক্যানিংয়ে উচ্চপর্যায়ের বৈঠক
ক্যানিং, ২৩ জুলাই (হি. স.): তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের শংসাপত্র পুনঃযাচাই এবং যাচাইকরণ প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার ক্যানিং মহকুমা শাসকের দফতরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন
তপশিলি জাতি-উপজাতিদের শংসাপত্র পুনঃযাচাই নিয়ে ক্যানিংয়ে উচ্চপর্যায়ের বৈঠক


ক্যানিং, ২৩ জুলাই (হি. স.): তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের শংসাপত্র পুনঃযাচাই এবং যাচাইকরণ প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার ক্যানিং মহকুমা শাসকের দফতরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের অধীন পশ্চিমবঙ্গে সমাজকল্যাণ ও ক্ষমতায়ন মন্ত্রকের আঞ্চলিক সমন্বয়, জনসংযোগ ও বিভিন্ন সরকারি কর্মসূচির বাস্তবায়নের দায়িত্বে থাকা আধিকারিক সত্যজিৎ দাস।

এদিন ক্যানিং মহকুমা শাসকের কার্যালয়ে তিনি মহকুমাশাসক, বিভিন্ন ব্লকের বিডিও, পুলিশ প্রশাসনের প্রতিনিধিদের পাশাপাশি এসসি ও এসটি বিষয়ক দফতরের আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন। বৈঠকে মূলত শংসাপত্র যাচাইকরণ প্রক্রিয়ার বর্তমান অগ্রগতি, প্রশাসনিক পদক্ষেপ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তপশিলি জাতি ও তপশিলি উপজাতির শংসাপত্রের অপব্যবহার রোধে এবং প্রকৃত উপভোক্তাদের সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে শংসাপত্র পুনঃযাচাইয়ের কাজ চলছে। কেউ ভুয়ো বা বেআইনিভাবে শংসাপত্র সংগ্রহ করে সরকারি প্রকল্প, শিক্ষা বা চাকরির সংরক্ষণের সুবিধা নিচ্ছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই প্রক্রিয়া ক্যানিং মহকুমায় কীভাবে এগোচ্ছে, তা সরেজমিনে পর্যালোচনা করতেই এদিন ক্যানিং সফরে আসেন সত্যজিৎ দাস। বৈঠক শেষে তিনি প্রশাসনের কাজের প্রশংসা করে বলেন, “এখানে শংসাপত্র যাচাইয়ের কাজ ভালোভাবেই এগোচ্ছে। প্রশাসন অত্যন্ত দায়িত্বশীলভাবে বিষয়টি পরিচালনা করছে।”

ক্যানিংয়ের মহকুমাশাসক প্রণব মালিয়ে জানান, “আজ তিনি এসসি ও এসটি শংসাপত্র ভেরিফিকেশনের কাজের অগ্রগতি পর্যালোচনা করতে এসেছিলেন। বিভিন্ন দফতরের সঙ্গে আলোচনা হয়েছে এবং বর্তমান কাজের অগ্রগতিতে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।”

প্রশাসনের আশা, এই যাচাইকরণ প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের অধিকার আরও সুরক্ষিত হবে এবং শংসাপত্র সংক্রান্ত যে কোনও অনিয়ম কার্যকরভাবে রোধ করা সম্ভব হবে।

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande