
দুর্গাপুর, ২৩ জুলাই (হি. স.): বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা এসআইআরকে ঘিরে রাজ্যজুড়ে জন্ম ও মৃত্যু শংসাপত্র প্রদানে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতে রাজ্যের বিভিন্ন পুরসভা ও পঞ্চায়েতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। দুর্গাপুরেও তল্লাশি চালিয়ে জন্ম-মৃত্যু নিবন্ধনের রেজিস্টার ও সংশ্লিষ্ট নথিপত্র নিজেদের হেফাজতে নিয়েছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, নতুন সরকার ক্ষমতায় আসার পর জন্ম ও মৃত্যু শংসাপত্র ইস্যুর ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে। ভুয়ো শংসাপত্র রুখতে রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যামেন্ডমেন্ট রুল, ২০২৬ জারি করে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এরই মধ্যে এসআইআর প্রক্রিয়ার সময় রাজ্যজুড়ে ভুয়ো বা নিয়ম বহির্ভূতভাবে জন্ম শংসাপত্র ইস্যুর অভিযোগ সামনে আসে। অভিযোগ, সেই শংসাপত্র ব্যবহার করে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করা হয়েছিল।
অভিযোগের ভিত্তিতে রাজ্যের বিভিন্ন পুরসভা ও পঞ্চায়েতে তদন্ত শুরু করেছে পুলিশ। সংশ্লিষ্ট দফতরে গিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনের দায়িত্বে থাকা কর্মীদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। পাশাপাশি জন্ম-মৃত্যু নিবন্ধনের রেজিস্টার এবং অন্যান্য প্রয়োজনীয় নথি হেফাজতে নেওয়া হচ্ছে। সেগুলি খতিয়ে দেখে কোথাও নিয়ম বহির্ভূতভাবে শংসাপত্র ইস্যু করা হয়েছে কি না, কিংবা ভুয়ো নথির ভিত্তিতে শংসাপত্র দেওয়া হয়েছে কি না, তা যাচাই করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, “এসআইআর-এর সময় ভোটার তালিকায় নাম তোলানোর জন্য জন্ম ও মৃত্যু শংসাপত্র প্রদানে অনিয়ম হয়েছে। টাকার বিনিময়ে শংসাপত্র দেওয়া হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। সেই দুর্নীতি ও অনিয়মের তদন্ত শুরু হয়েছে। তদন্তে অপরাধ প্রমাণিত হলে আইন অনুযায়ী শাস্তি হবে।”
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা