
ঝাড়গ্রাম, ২৩ জুলাই (হি. স.): আইসিডিএস কেন্দ্রে দীর্ঘদিন ধরে শিশু ও মায়েদের ডিম দেওয়া হচ্ছে না—এই অভিযোগে বৃহস্পতিবার বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের শীতলপুরা গ্রামের আইসিডিএস কেন্দ্রে।
অভিযোগ, শিশু ও অন্যান্য উপভোক্তাদের জন্য নির্ধারিত ডিম দীর্ঘদিন ধরে দেওয়া হচ্ছে না। পুজোর ছুটির পর আইসিডিএস কেন্দ্র খুললেও এখনও ডিম সরবরাহ শুরু হয়নি বলে দাবি গ্রামবাসীদের। বিষয়টি নিয়ে আইসিডিএস কর্মীর কাছে জানতে চাইলেও সন্তোষজনক উত্তর মেলেনি বলে অভিযোগ। এমনকী, সুপারভাইজারের সঙ্গেও যোগাযোগের সুযোগ পাননি বলে দাবি তাঁদের।
এরপর ক্ষুব্ধ গ্রামবাসীরা আইসিডিএস কেন্দ্রের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, অবিলম্বে নিয়মিত ডিম সরবরাহ চালু করতে হবে এবং আইসিডিএস পরিষেবায় অনিয়ম রুখতে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ করতে হবে।
ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণ উত্তেজনা ছড়ালেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো