
বহরমপুর, ২৩ জুলাই (হি.স.): মুর্শিদাবাদের গোবিন্দপুরে রেলগেট দুর্ঘটনায় মৃত ও জখমদের পরিবারকে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পরিবারের পাশে আছি। অর্থ দিয়ে এই ধরনের ক্ষতিপূরণ হয় না। সরকার পাশে আছে। ঘটনা এড়ানো যেত। রেলমন্ত্রক ও পুলিশ জানিয়েছে গেটম্যানের দায়িত্বহীনতার কথা। আমি আপনাদের কথা দিচ্ছি, পুলিশমন্ত্রী হিসেবে চূড়ান্ত শাস্তি হবে। এটা ক্ষমার অযোগ্য। পরিবারের সঙ্গে কথা বলেছি।
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ তিনি গোবিন্দপুরে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে সেখান থেকে হাসপাতালে আসেন। এ দিন হাসপাতালে তাঁর সঙ্গে স্বাস্থ্য আধিকারিকরাও ছিলেন। হেলিকপ্টারে বহরমপুরে নেমে গাড়িতে কর্ণসুবর্ণের গোবিন্দপুরে সভামঞ্চে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সভা মঞ্চের প্রথমসারিতে ছিলেন ট্রেন-পুলকার দুর্ঘটনায় মৃতদের পরিবারের লোকজন। মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে কথা বলেছেন। এ দিন মুখ্যমন্ত্রী মৃত পাঁচ জনের পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকা করে চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। জখম তিন জনের হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ