
আরামবাগ , ২৩ জুলাই (হি.স.): বৃহস্পতিবার কামারপুকুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে পুলিশের উপস্থিতি ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনও আইনশৃঙ্খলা সংক্রান্ত ঘটনা নয়।
কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের দায়িত্বপ্রাপ্ত প্রধান শুভ্রপ্রকাশ লোহা জানান, রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সারা পশ্চিমবঙ্গ জুড়েই জন্ম ও মৃত্যুর নথির যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে। সেই সরকারি নির্দেশের অংশ হিসেবেই পুলিশের প্রতিনিধিরা কামারপুকুর গ্রাম পঞ্চায়েতে এসে প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের কাজ করেন।
তিনি আরও জানান, শুধুমাত্র কামারপুকুর নয়, রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও পুর এলাকাতেই একই ধরনের যাচাই চলছে। এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য সরকারি নথির স্বচ্ছতা বজায় রাখা এবং রেকর্ডের যথার্থতা নিশ্চিত করা।
পঞ্চায়েত সূত্রে খবর, প্রশাসনের এই উদ্যোগে জন্ম ও মৃত্যুর নথিভুক্তিকরণ সংক্রান্ত তথ্য আরও নির্ভুল হবে এবং ভবিষ্যতে সরকারি পরিষেবা পেতে সাধারণ মানুষের সুবিধা হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি নিয়মিত সরকারি যাচাই প্রক্রিয়া এবং সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA