
মালদা, ২৩ জুলাই (হি. স.) : মালদা জেলার কালিয়াচক থানা এলাকার কলেজ মোড়ে জাতীয় সড়ক ১২ (এনএইচ-১২)-এ স্করপিও গাড়ি ও মোটরবাইকের তীব্র মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক যুবক। দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও দুই যুবক।
বুধবার রাতে এই পথ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দেবাশিস মণ্ডল (২৬)।
স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে কালিয়াচকের কলেজ মোড় এলাকায় এনএইচ-১২ দিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী স্করপিও গাড়ির সঙ্গে মোটরবাইকটির বিকট শব্দে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাইক থেকে ছিটকে পড়েন তিন আরোহী। ঘটনাস্থলেই দেবাশিস মণ্ডলের মৃত্যু হয়।
শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত দুই যুবককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে আটক করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সোনালি