
আরামবাগ , ২৩ জুলাই (হি.স.): গোঘাটের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের আসুদখোলা এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস খোলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন বন্ধ থাকা একটি তৃণমূলের পার্টি অফিস খুলতে গেলে তা ঘিরে বচসা ও উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, সেই সময় অভিযুক্ত তৃণমূল নেতা সুশান্ত ঘোষ বিজেপি কর্মীদের সামনেই ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি এলাকা ছেড়ে চলে যান বলে দাবি।
বিজেপির অভিযোগ, ওই পার্টি অফিস থেকেই দীর্ঘদিন ধরে তোলাবাজি ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ পরিচালিত হতো। এছাড়াও অফিসের ভিতর থেকে রেশন কার্ড, বিভিন্ন সরকারি নথিপত্র, পুজোর বিল, থান কাপড় এবং স্ট্যাম্প পেপারে লেখা কিছু নথি উদ্ধার হয়েছে বলেও দাবি করেন বিজেপি নেতৃত্ব।
বিজেপির আরও অভিযোগ, অভিযুক্ত সুশান্ত ঘোষের বিরুদ্ধে ভোট-পরবর্তী হিংসা এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগও রয়েছে।
যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে অভিযুক্ত সুশান্ত ঘোষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কারণ পুলিশ পৌঁছানোর আগেই তিনি এলাকা ছেড়ে চলে যায়।
ঘটনার প্রকৃত সত্যতা জানতে পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA