
জম্মু, ২৪ জুলাই (হি. স.): খারাপ আবহাওয়া ও লাগাতার বৃষ্টির জেরে অমরনাথ যাত্রা, মাতা বৈষ্ণোদেবী যাত্রা, শিব খোড়ি যাত্রা এবং মচ্ছেল মাতা যাত্রা শনিবারও শুরু করা সম্ভব নয়। ভারতীয় আবহাওয়া দফতরের (আইএমডি) খারাপ আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে প্রশাসন ১৯ জুলাই (শনিবার) সন্ধ্যা থেকেই এই তীর্থযাত্রাগুলি স্থগিত রেখেছে।
ভারী বৃষ্টি, ধস এবং পাহাড় থেকে পাথর পড়ার কারণে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক (এনএইচ-৪৪) শুক্রবার টানা তৃতীয় দিনও বন্ধ রয়েছে। রামবন এলাকায় এখনও বেশ কিছু গাড়ি আটকে রয়েছে। রামবন ও উধমপুরে নতুন করে ধস নামায় রাস্তার উপর পাথর ও ধ্বংসাবশেষ জমেছে। সেগুলি সরাতে যন্ত্রপাতি-সহ সড়ক পরিষ্কারকারী দলগুলিকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দ্রুত রাস্তা পরিষ্কারের কাজ চলছে।
আবহাওয়ার পরিস্থিতির উন্নতি এবং রাস্তা পরিষ্কারের কাজ শেষ না হওয়া পর্যন্ত যাত্রীদের জাতীয় সড়কে অপ্রয়োজনীয় যাতায়ার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে প্রশাসন। এনএইচ-৪৪-এ যাত্রা করার আগে সরকারি ট্রাফিক পরামর্শ মেনে চলার জন্যও যাত্রীদের অনুরোধ করা হয়েছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। এলাকায় এখনও থেমে থেমে বৃষ্টি চলছে। ফলে সংবেদনশীল এলাকায় ফের পাথর পড়া ও ধস নামার আশঙ্কা রয়েছে।
এদিকে, জম্মু ও কাশ্মীরে টানা সপ্তম দিন মুষলধারে বৃষ্টির জেরে উপত্যকার একাধিক এলাকায় বিপদসীমার কাছাকাছি দিয়ে বইছে ঝিলম নদী। এর ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তাওয়ি, চেনাব, সঙ্গম, লিদ্দর-সহ অন্যান্য নদী ও নালাগুলিও বিপদসীমার সামান্য নীচ দিয়ে বইছে। জম্মু এবং দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন এলাকায় জোরালো বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দুপুর পর্যন্ত বৃষ্টি চলতে পারে। জম্মু ও দক্ষিণ কাশ্মীরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্য ও উত্তর কাশ্মীরে হালকা বৃষ্টি হতে পারে। তবে দুপুরের পর অধিকাংশ এলাকায় আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য