
নয়াদিল্লি, ২৪ জুলাই (হি. স.): নিট ও সিবিএসই পরীক্ষায় অনিয়ম এবং পড়ুয়াদের উপর পুলিশের পদক্ষেপের প্রতিবাদে শনিবার, ২৫ জুলাই, দেশজুড়ে জেলাস্তরে মোমবাতি মিছিল ও সত্যাগ্রহের আয়োজন করবে কংগ্রেস। মহাত্মা গান্ধী অথবা ডঃ বি.আর. আম্বেদকরের মূর্তির পাদদেশে গিয়ে এই কর্মসূচি শেষ হবে। পড়ুয়া ও যুব সমাজের পাশে থাকার বার্তা দিতেই এই কর্মসূচি বলে জানিয়েছে কংগ্রেস।
শুক্রবার কংগ্রেসের সাধারণ সম্পাদক কে.সি. বেণুগোপালের তরফে জারি করা এক সরকারি চিঠিতে জানানো হয়েছে, পরীক্ষা ব্যবস্থার ব্যর্থতার কারণে যেসব পড়ুয়া ও যুবকের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের সমর্থনেই এই সত্যাগ্রহের আয়োজন করা হচ্ছে। একইসঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগের দাবিও জানিয়েছে দলটি।
চিঠিতে সমস্ত প্রদেশ কংগ্রেস কমিটি ও জেলা কংগ্রেস কমিটিকে নিজেদের এলাকায় এই কর্মসূচির নেতৃত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কর্মসূচিতে ব্লক কংগ্রেস কমিটি, বিভিন্ন শাখা সংগঠন, বিভাগ, সেল এবং দলীয় কর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
কংগ্রেসের তরফে জানানো হয়েছে, কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং কার্যকরভাবে আয়োজন করতে হবে। পাশাপাশি সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারের উপরও জোর দেওয়া হয়েছে। দলের দাবি, এই কর্মসূচির মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হবে যে কংগ্রেস পড়ুয়াদের পাশে রয়েছে এবং গণতান্ত্রিক কণ্ঠস্বর দমনের যে কোনও প্রচেষ্টার বিরোধিতা করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য