
নয়াদিল্লি, ২৪ জুলাই (হি.স.): নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে সংসদে আলোচনা নিয়ে সরকার ও বিরোধীদের মধ্যে অচলাবস্থা অব্যাহত। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী শুক্রবার স্পষ্ট জানিয়ে দিলেন, পড়ুয়াদের তিনটি দাবিতে কোনও সমঝোতা করবে না বিরোধীরা। দাবিগুলির মধ্যে রয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, পড়ুয়াদের উপর হামলা ও পুলিশি অভিযানের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পড়ুয়াদের কাছে ক্ষমা চাওয়া।
সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের রাহুল গান্ধী বলেন, সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিরোধীদের আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। কিন্তু তিনি জবাব দিতে চাইলে তাঁর মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয় এবং তাঁকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন রাহুল।
তিনি বলেন, “বিরোধীদের অবস্থান পড়ুয়াদের তিনটি দাবির উপর ভিত্তি করে। প্রথমত, দুর্নীতির জন্য দায়ী শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়ত, যে ব্যক্তিরা পড়ুয়াদের উপর হামলা ও মারধর করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, প্রধানমন্ত্রীকে পড়ুয়াদের কাছে ক্ষমা চাইতে হবে।”
রাহুল গান্ধী বলেন, “ধর্মেন্দ্র প্রধানকে পদ থেকে সরানোর আগে আমরা কোনও আলোচনা বা কথাবার্তায় যাব না। এই বিষয়ে কোনও সমঝোতা হবে না।”
তিনি আরও বলেন, বিষয়টি শুধুমাত্র রাজনৈতিক নয়, দেশের পড়ুয়াদের ভবিষ্যতের সঙ্গে জড়িত। বিরোধীরা পড়ুয়াদের দাবির পাশে রয়েছে বলেও জানান লোকসভার বিরোধী দলনেতা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য