
শিমলা, ২৪ জুলাই (হি. স.): হিমাচল প্রদেশের লাহৌল-স্পিতি জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার উদয়পুর থানার অন্তর্গত কড়হুনালা-রাহৌলি এলাকায় বর্ডার রোডস অর্গানাইজেশনের (বিআরও) সড়কে পাহাড় থেকে আচমকা একটি বিশাল পাথর গড়িয়ে পড়ে। সেই সময় রাস্তা দিয়ে যাওয়া একটি টাটা সুমো পাথরের ধাক্কায় সম্পূর্ণ বিধ্বস্ত হয়। গাড়িতে থাকা ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২ জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, টাটা সুমোতে চালক-সহ মোট ১৫ জন ছিলেন। গাড়িটি চালাচ্ছিলেন বীর সিং। কড়হুনালা এলাকায় রাহৌলির কাছে পৌঁছতেই পাহাড় থেকে আচমকা বিশাল পাথর গড়িয়ে পড়ে গাড়িটির উপর। দুর্ঘটনার অভিঘাত এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই অধিকাংশ যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ, প্রশাসন এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
লাহৌল-স্পিতির জেলাশাসক কিরণ ভড়ানা জানান, দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে এবং ২ জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাটি চম্বা জেলার পাঙ্গি এবং লাহৌল-স্পিতি জেলার সীমান্তবর্তী এলাকায় ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। মৃতদের অধিকাংশই চম্বা জেলার পাঙ্গি এলাকার বাসিন্দা বলে অনুমান করা হচ্ছে। মৃতদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর ময়নাতদন্ত শেষে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
দুর্ঘটনার খবর পেয়ে লাহৌল জেলার তিন্দি পুলিশ ফাঁড়ি এবং উদয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে।
প্রসঙ্গত, টানা বৃষ্টির জেরে হিমাচল প্রদেশে সাম্প্রতিক সময়ে ভূমিধস ও পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ার ঘটনা বেড়েছে। খারাপ আবহাওয়ার সময়ে পাহাড়ি রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য প্রশাসনের তরফে সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হয়েছে।
রাজ্যে ৩০ জুন বর্ষা প্রবেশের পর বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় ইতিমধ্যেই ৭৫ জনের মৃত্যু হয়েছিল। লাহৌল-স্পিতির এই দুর্ঘটনার পর সেই সংখ্যা বেড়ে ৮৮ হয়েছে।
আবহাওয়া দফতর ২৭ থেকে ২৯ জুলাই পর্যন্ত হিমাচল প্রদেশের একাধিক জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করেছে। প্রশাসনের তরফে মানুষকে অপ্রয়োজনে যাতায়াত না করা এবং ভূমিধসপ্রবণ এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য