
মেদিনীপুর, ২৬ জুলাই (হি.স.): রবিবার ভোরে পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানা এলাকায় জাতীয় সড়কে একটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক লরি চালকের| মৃত চালকের নাম সবুজ মল্লিক (৩২), তিনি পশ্চিম মেদিনীপুরের গড়বেতার বাসিন্দা। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন লরির খালাসি।
এদিন পুলিশ সূত্রে জানা গেছে, লরিটি বেলদার দিক থেকে ওড়িশার দিকে যাচ্ছিল। দাঁতনের ঘোলাই মোড়ের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন| রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারে ধাক্কা মারে ওই লরি। সংঘর্ষের অভিঘাতে লরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়| চালক কেবিনের ভেতরেই আটকে পড়েন। খবর পেয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং দাঁতন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। চালককে কেবিন থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত লরি ও কন্টেনারটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
এদিকে, পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি-দিঘা ১১৬ (বি) জাতীয় সড়কে শনিবার রাতে এক দুর্ঘটনায় একজন বাইক আরোহীর মৃত্যু হয়েছে এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। তবে উভয়ের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি|
রবিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, তুফান হল সংলগ্ন এলাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয়| তাতে বাইকে থাকা দুই আরোহীর মধ্যে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়| আরেকজন গুরুতর আহত হয়| আহত যুবককে প্রথমে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়| পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়। পুলিশ মৃত বাইক আরোহীর দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে| ঘটনার তদন্ত শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ