
বীরভূম, ২৬ জুলাই (হি.স.): সিউড়ির নার্সিংহোমে এক নার্সের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার করা হল এক অ্যাম্বুল্যান্স চালককে। রবিবার সিউড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম শেখ সাজিজ। সে সিউড়ির পুরাতন লাইনপাড়ার বাসিন্দা। ধৃত অ্যাম্বুল্যান্স চালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
উল্লেখ্য, দিনকয়েক আগে বীরভূমের সিউড়ির একটি নার্সিংহোম থেকে এক নার্সের দেহ উদ্ধার হয়। মেয়ে হঠাৎ কেন আত্মহত্যা করল তা নিয়ে প্রশ্ন তুলেছিল পরিবারের সদস্যরা। গত বুধবার রাতে ওই নার্স ডিউটিতে যোগ দেন। বৃহস্পতিবার সকালে হাসপাতালের একটি কেবিনের দরজা দীর্ঘক্ষণ বন্ধ দেখে সন্দেহ হয় নার্সিংহোমের অন্যান্য কর্মীদের। পরে দরজা ভেঙে কেবিনের ভিতরে ঢুকে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে উদ্ধার করে মৃতদেহ| পুলিশের প্রাথমিক অনুমান, ওই নার্সের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই অ্যাম্বুল্যান্স চালকের।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ