
ক্যানিং, ২৬ জুলাই (হি.স.) : ক্যানিং পশ্চিমের দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অন্নপূর্ণা কুন্ডুর স্বামী তথা এলাকার তৃণমূল নেতা গোপাল কুন্ডুর বাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন এলাকার একদল গ্রামবাসী। অভিযোগ, জব কার্ড সংক্রান্ত অনিয়ম এবং আর্থিক দুর্নীতির প্রতিবাদেই রবিবার গ্রামবাসীরা ও বিজেপি কর্মীরা তাঁর বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হস্তক্ষেপ করে।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি প্রকল্পে অনিয়ম, জব কার্ডে দুর্নীতি এবং বিভিন্ন আর্থিক অনিয়মের সঙ্গে গোপাল কুন্ডুর নাম জড়িয়ে রয়েছে। এছাড়াও, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় বিরোধী মহিলা সমর্থকদের ক্যানিং বিডিও অফিসের ভিতরে মারধরের অভিযোগও তাঁর বিরুদ্ধে রয়েছে। অভিযোগ, ২০২১ সালের নির্বাচন পরবর্তী হিংসার সময় একাধিক বাড়িতে ভাঙচুর, লুটপাট এবং বুলডোজার দিয়ে বাড়ি উচ্ছেদের ঘটনাতেও তিনি জড়িত ছিলেন।
এছাড়া, ২০২৫ সালে ক্যানিং থানায় ভাঙচুর ও কর্তব্যরত পুলিশকর্মীদের মারধরের ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসেবেও তাঁর নাম উঠে আসে বলে অভিযোগ। এদিন উত্তেজনা বাড়তে থাকলে পুলিশ গোপাল কুন্ডুকে সেখান থেকে উদ্ধার করে ক্যানিং থানায় নিয়ে যায়। তাকে নিয়ে যাওয়ার পথে উত্তেজিত জনতা তাকে লক্ষ্য করে ডিম, গোবর ছোড়ে।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা