
মুর্শিদাবাদ, ২৬ জুলাই (হি.স.): হাসপাতাল চত্বরে নির্দিষ্ট কোনও স্থানে অ্যাম্বুল্যান্স রাখতে না দেওয়ার অভিযোগে রবিবার উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বর। এদিন সকাল থেকেই পার্কিং সমস্যাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন অ্যাম্বুল্যান্স চালকদের একাংশ। হাসপাতাল চত্বরেই চলে বিক্ষোভ প্রদর্শন। এর সরাসরি প্রভাব পড়ে অ্যাম্বুল্যান্স পরিষেবার ওপর, যার জেরে দুর্ভোগের মুখে পড়তে হয় দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাঁদের পরিবারকে।বিক্ষোভকারী চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের জন্য নির্দিষ্ট কোনও পার্কিংয়ের স্থান ধার্য করছে না। হাসপাতাল চত্বরের যেখানেই অ্যাম্বুল্যান্স দাঁড় করানো হোক না কেন, সেখান থেকেই সরে যেতে বলা হয় বলে তাঁদের দাবি। যদিও এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও বক্তব্য মেলেনি|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ